রুনা লায়লাকে নিয়ে ফের গুজব, ক্ষোভ ঝাড়লেন মেয়ে তানি

সংগৃহীত ছবি

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তিকর নানা তথ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’।এমন ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি পোস্টের ছবি শেয়ার করে তানি লায়লা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে।

তানি লিখেছেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।’

রুনা লায়লা

এরপর তিনি আরো লিখেন, ‘আমার মা তাঁর জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনো তাঁকে এভাবেই অসম্মান করে চলেছে—কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!

আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’

সর্বশেষ তানি লায়লা লেখেন, আর সহ্য করা যাচ্ছে না… যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। ধন্যবাদ, আমার ক্ষোভ প্রকাশ এখানেই শেষ।

তবে রুনা লায়লাকে ঘিরে এমন গুজব এবারই প্রথম নয়। মাস চারেক আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একই ধরনের ভুয়া খবরের শিকার হয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী।

সেবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর খবর। পরে বিষয়টি যে পুরোপুরি গুজব, তা নিজেই নিশ্চিত করেন রুনা লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তাঁর সুস্থতার খবর জানান।

রুনা লায়লা লিখেছিলেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমি বহাল তবিয়তে বেঁচে আছি!

আমি সবাইকে অনুরোধ করছি, এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নিন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সবার জন্য অনেক ভালোবাসা রইল।’

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা লায়লার অসুস্থতা কিংবা মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁর মেয়ে তানি লায়লা। একই সঙ্গে ভুয়া তথ্য ও এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY