সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগের মঞ্চে রিয়াল মাদ্রিদের কাছে হারের তিক্ততা ভুলে ইতালিয়ান সিরি ‘আ’-তে মহাকাব্যিক এক প্রত্যাবর্তন করল ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোয় ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে চরম ব্যাকফুটে চলে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।তবে এর পরই শুরু হয় ইন্টারের গোলের ঝোড়ো তাণ্ডব। শেষ পর্যন্ত উদিনেসেকে ৫-৩ ব্যবধানে উড়িয়ে দিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তিয়ান কিভুর শিষ্যরা।
সান সিরোয় সোমবার রাতের শুরুটা ছিল স্বাগতিকদের জন্য ঘোর অমাবস্যার মতো। খেলা শুরুর মাত্র ১৬ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে হতভম্ব হয়ে পড়ে ইন্টার।নবম মিনিটে কর্নার থেকে উদিনেসেকে এগিয়ে নেন জেমস আবানকওয়া। এর ৭ মিনিট পরই কিয়ান ডেভিসের বাড়ানো বলে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্প।
তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৬তম মিনিটে কার্লোস অগুস্তোর দূরপাল্লার দর্শনীয় শটে ব্যবধান কমে ২-১ হয়।এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট বাকি থাকতে মার্কাস থুরামের পাস থেকে চোখধাঁধানো বাঁকানো শটে গোল করে ইন্টারকে ২-২ সমতায় ফেরান নিকোলো বারেলা।
দ্বিতীয়ার্ধে যেন অন্য এক ইন্টারকে দেখে সান সিরো। উদিনেসের রক্ষণভাগকে ছারখার করে ৫৭তম মিনিটে অ্যান্ডি দিউফের পাস ধরে নিচু শটে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি তারকা থুরাম। ৬৭তম মিনিটে পিওত্র জিয়েলিনস্কির চমৎকার পাস থেকে ম্যাচের চতুর্থ গোলটি করেন পিও এসপোসিতো। আর ম্যাচ শেষের ১০ মিনিট আগে উদিনেসে গোলকিপারের রিবাউন্ড হওয়া বলে স্কোরলাইন ৫-২ করেন বদলি ফরোয়ার্ড আনজে-ইয়োআন বন্নি।
ম্যাচের যোগ করা সময়ে উদিনেসের ইদ্রিসা গেয়ি একটি গোল শোধ করলেও তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। এই নিয়ে চলতি মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ইন্টার, এর আগের ম্যাচেই নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৩-২ ব্যবধানে জিতেছিল তারা।
এই রোমাঞ্চকর জয়ে নতুন মৌসুমে টানা চার ম্যাচে শতভাগ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইন্টার মিলান। সমান পয়েন্ট থাকলেও কেবল গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোমা, যারা অন্য ম্যাচে তোরিনোকে ২-০ ব্যবধানে হারিয়েছে।










































