সংগৃহীত ছবি
সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই শরীর ও চেহারায় পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। কিন্তু সেই পরিবর্তন নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।সম্প্রতি মুম্বাইয়ের গণপতি উৎসবে ক্যাটরিনার উপস্থিতির পর তার চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্যাটরিনার পাশে দাঁড়ালেন তার প্রাক্তন প্রেমিক ও দীর্ঘদিনের বন্ধু সালমান খান।
ক্যাটরিনা ও সালমানের সম্পর্ক বহু বছর আগেই শেষ হয়েছে। তবে সম্পর্ক না থাকলেও একে অপরের প্রতি তাদের সম্মান ও বন্ধুত্বের জায়গাটি অটুট রয়েছে বলেই বলিউডে পরিচিত।এবার ক্যাটরিনাকে ঘিরে চলা ট্রোলিংয়ের প্রসঙ্গে সালমানের বক্তব্যেও সেই সম্মানের বিষয়টি যেন স্পষ্ট হয়ে উঠল।
‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোলিং সংস্কৃতি নিয়ে কথা বলেন সালমান। যদিও তিনি ক্যাটরিনার নাম সরাসরি নেননি, সন্তান জন্মের পর নারীদের শরীর ও ওজন নিয়ে কটাক্ষের বিষয়টি নিয়ে সরব হন তিনি।
‘
সালমান বলেন, গর্ভধারণের পর একজন নারীর ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক।সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসতেই পারে। পরে সিনেমায় ফিরলে আবার ফিট হয়ে যাওয়ার সুযোগও রয়েছে। তাই এ নিয়ে কাউকে ট্রোল করার কারণ দেখেন না অভিনেতা।
তিনি আরো বলেন, একজন নারী সন্তান জন্মের পর পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইতেই পারেন। সেই সিদ্ধান্তকে সম্মান না করে তার চেহারা বা ওজন নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
ক্যাটরিনার নাম না নিলেও সালমানের এই মন্তব্যকে তার সাম্প্রতিক ট্রোলিংয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই। বিশেষ করে মা হওয়ার পর অভিনেত্রীর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তার পরই সালমানের এমন বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে নিজের চেহারা ও বয়স নিয়েও দীর্ঘদিনের ট্রোলিংয়ের কথা বলেন সালমান। বয়স বাড়ার সঙ্গে চেহারায় পরিবর্তন আসবে—এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। একপর্যায়ে নিজের টুপি ও টি-শার্ট খুলে ট্রল করা নেটিজেনদের কড়া জবাব দেন অভিনেতা।









































