রয়টার্স ছবি
যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে নতুন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে পয়লা নভেম্বর থেকে ব্রিটিশ বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকেও ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে তেহরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
রবিবার দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে ব্রিটেনের পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় ব্রিটেন সামরিক ঘাঁটি, বিভিন্ন স্থাপনা ও রসদ সরবরাহের সহায়তা দিয়েছিল বলে অভিযোগ করেছে তেহরান।
বিবৃতিতে আরো বলা হয়, গত ১৩ জুলাই ব্রিটেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় অন্তর্ভুক্ত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকেও তাদের সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
তেহরান বলেছে, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাই এর লক্ষ্য।











































