বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জির শেষকৃত্যে জড়ো হলেন বলিউডের একঝাঁক তারকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৭৫ বছর বয়সে মারা যান তিনি।মায়ের মৃত্যুতে শোকের আবহে থাকা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।
কৃষ্ণা মুখার্জির মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। খবর ছড়িয়ে পড়ার পর রানি মুখার্জির মুম্বাইয়ের বাড়িতে একে একে ছুটে যান বলিউডের অনেক তারকা। পরে জুহুর পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য।
শেষবারের মতো কৃষ্ণা মুখার্জিকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, আমির খান ও তার স্ত্রী গৌরি স্প্র্যাট, আলিয়া ভাট, অনিল কাপুর, ফারহান আখতার, কবির খান, অয়ন মুখার্জি, করণ জোহর, শিল্পা শেঠি, অপূর্ব মেহতা ও আশুতোষ গোয়ারিকরসহ বলিউডের অনেক পরিচিত মুখ। শেষকৃত্য ঘিরে শ্মশান এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।
কৃষ্ণা মুখার্জিও ছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত একটি পরিবারের সদস্য। চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেছিলেন তিনি।২০১৭ সালে মারা যান রাম। মুম্বাইয়ের ফিল্মালয়া স্টুডিও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ১৯৬০ সালে ‘হাম হিন্দুস্তানি’ এবং ১৯৬৪ সালে ‘লিডার’ সিনেমা পরিচালনা করেন তিনি। ‘লিডার’ সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা।
রাম ও কৃষ্ণা মুখার্জি দম্পতির দুই সন্তান—অভিনেত্রী রানি মুখার্জি ও প্রযোজক রাজা মুখার্জি।অভিনয়ের পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা। ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ইদ কে দিন গলে মিল লে রাজা’ গানটিতে প্লেব্যাক করেছিলেন তিনি।











































