বড় সর্দারবাড়িতে ধারণ করা ‘ইত্যাদি’ দেখা যাবে আজ

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ একটি পর্ব প্রচারিত হবে আজ শুক্রবার (৬ নভেম্বর)। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সর্দারবাড়ির সামনে ধারণ করা পর্বটি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

২০২১ সালে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ধারণ করা হয়েছিল পর্বটি। ঐতিহাসিক বড় সর্দারবাড়িকে পেছনে রেখে নির্মাণ করা হয়েছিল অনুষ্ঠানের মঞ্চ। স্থানটির ঐতিহ্য ও নান্দনিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছিল পুরো আয়োজন। এতে উঠে এসেছে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।

প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য থাকছে বেশ কয়েকটি তথ্যবহুল প্রতিবেদন, গান ও বৈচিত্র্যময় পরিবেশনা। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন, ইতিহাস ও লোকজ সংস্কৃতিকে ঘিরে সাজানো হয়েছে আয়োজন। ফলে বিনোদনের পাশাপাশি সোনারগাঁয়ের ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ পাবেন দর্শকেরা।

দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানে ‘ইত্যাদি’র পর্ব ধারণ করে আসছেন অনুষ্ঠানটির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত।রাজধানীর বাইরে দেশের নানা প্রান্তের ঐতিহ্যবাহী স্থানগুলোকে টেলিভিশনের পর্দায় তুলে ধরার এই উদ্যোগ অনুষ্ঠানটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এর মাধ্যমে দর্শকেরা দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

উল্লেখ্য, একসময় বাংলার প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত সোনারগাঁ দেশের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। এখানকার ঐতিহাসিক স্থাপনা ও লোকজ সংস্কৃতি দীর্ঘদিন ধরেই দর্শনার্থীদের আকর্ষণ করে আসছে। সেই ঐতিহ্যের আবহে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বটি আজ আবারও দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।

অনুষ্ঠানটির উপস্থাপনা ও পরিচালনায় রয়েছেন হানিফ সংকেত। আজ রাত ৮টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি।

LEAVE A REPLY