এআই প্রযুক্তিতে গান, প্রকৃতির মায়ায় মিউজিক ভিডিও

আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানুষের সৃজনশীলতার সমন্বয়ে তৈরি হয়েছে নতুন গান ও মিউজিক ভিডিও ‘জীবনটা যে সে নদীর মতো, ভাঙা গড়ার খেলা’। গানটির সুর ও কণ্ঠ তৈরিতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি।অন্যদিকে, ভিডিওতে বাস্তব অভিনয়শিল্পীদের নৈপুণ্যের পাশাপাশি তুলে ধরা হয়েছে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য।

গানটির কথা লিখেছেন মো. রাশেদুজ্জামান। এআইয়ের সহায়তায় এর সুর ও কণ্ঠ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। জীবনের পাওয়া-না পাওয়া, সম্পর্কের টানাপোড়েন এবং ভাঙা-গড়ার চিরচেনা গল্প ফুটে উঠেছে গানের কথায়।

সংগীতচিত্রের বিভিন্ন দৃশ্যে দেখা যাবে বাংলার সবুজ গ্রাম, বিস্তীর্ণ ধানক্ষেত, মেঠোপথ, নদীর পাড় ও নৌকার স্বাভাবিক চলাচল। বিশেষ করে রূপসা ও ভৈরব নদীর তীরবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এতে যোগ করেছে ভিন্ন মাত্রা। গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্যপটের সঙ্গে গানের আবেগের মেলবন্ধন দর্শকদের মনে আলাদা অনুভূতি তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মিউজিক ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা একান্ত জুয়েল ও অভিনেত্রী জান্নাত তোহা।পরিচালনা করেছেন এ জে নোনতু।

পরিচালক বলেন, বাংলার প্রকৃতি ও পরিচিত গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে জীবনের গল্প তুলে ধরতে চেয়েছি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে বাস্তব অভিনয় ও প্রকৃতির সমন্বয় সংগীতচিত্রটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টায় জেডিসি ড্রিম ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান ভিডিওটি। 

LEAVE A REPLY