রামায়ণে সীতার রূপে অসুরদের সঙ্গে লড়াই সাই পল্লবীর

নিতেশ তিওয়ারির ‘রামায়ণ : রাইজ অব আ লেজেন্ড’ ছবির নতুন ঝলকে সীতার চরিত্রে অসুরদের সঙ্গে লড়াই করতে দেখা গেছে সাই পল্লবীকে। অন্যদিকে রাবণের চরিত্রে যশের তাণ্ডবের দৃশ্যও নজর কেড়েছে।নতুন পর্দার পেছনের ভিডিওতে ছবিটির বিশাল আয়োজনের নানা দিক তুলে ধরেছেন নির্মাতারা। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি মানুষ এই সিনেমার কাজে যুক্ত রয়েছেন।

নতুন ভিডিওতে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা গেছে। একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা রামের পেছনে সূর্যোদয়ের দৃশ্য রয়েছে।যশকে দেখা গেছে শিবের বিশাল মূর্তির সামনে তাণ্ডব করতে। এ ছাড়া জটায়ুর পূর্ণ অবয়ব এবং ইন্দ্রের চরিত্রে কুনাল কাপুরকেও দেখা গেছে। ইন্দ্রের হাতে রয়েছে তার অস্ত্র বজ্র।

ভিডিওটি প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘এক জীবন্ত মহাকাব্য’।এতে প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নিতেশ তিওয়ারি ও রণবীর কাপুরকে ছবিটি বড় পর্দায় তুলে ধরার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়।

বিশ্বজুড়ে কাজ করছেন ১০ হাজারের বেশি মানুষ

‘রামায়ণ’ নির্মাণের বিশালতা তুলে ধরে নামিত মালহোত্রা জানান, বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি মানুষ ছবিটির কাজে যুক্ত রয়েছেন। তার মতে, ‘রামায়ণ’ এমন একটি মহাকাব্য, যেখানে চরিত্রের গভীরতা, আবেগ ও দৃশ্যের বিশালতা—সবকিছুর সমন্বয় রয়েছে। দর্শকদের জন্য এতে নানা ধরনের আকর্ষণ থাকবে।

পরিচালক নিতেশ তিওয়ারিও মনে করেন, রামায়ণের গল্প বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারবে।তার ভাষায়, এতে বাবা-ছেলের সম্পর্ক, প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প এবং সাহসী ভালোবাসার দিক রয়েছে।

রণবীর কাপুরও ছবিটির প্রযোজক নামিত মালহোত্রার প্রশংসা করেছেন। এত বড় প্রকল্পে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের একসঙ্গে যুক্ত করা এবং তাদের কাজের সুযোগ করে দেওয়াকে তিনি বিরল ঘটনা বলে উল্লেখ করেন।

কবে মুক্তি পাবে ‘রামায়ণ’?

রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও কুনাল কাপুর ছাড়াও ছবিটিতে আরো কয়েকজন অভিনয়শিল্পী রয়েছেন। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন হ্যান্স জিমার ও এ আর রহমান।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। ছবিটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।

এদিকে, ছবিটির দ্বিতীয় ট্রেলার ১৫ অক্টোবর প্রকাশ করা হয়েছে। মুক্তির আগের দিন, ৪ নভেম্বর, অর্থের বিনিময়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হতে পারে বলেও একটি প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এ বিষয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

LEAVE A REPLY