সংগৃহীত ছবি
রাতে বিছানায় বা ছুটির দিনে আরাম করে বই হাতে নেওয়ার কিছুক্ষণ পরই চোখ জড়িয়ে আসে—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। বইয়ের পাতা ঝাপসা হয়ে যাওয়া, একই লাইন বারবার পড়ার পরও অর্থ না বোঝা কিংবা বুকে বই নিয়ে ঘুমিয়ে পড়ার ঘটনা খুবই পরিচিত।বহু পাঠকই এ জন্য নিজেদের অমনোযোগিতা, বইয়ের জটিল ভাষা কিংবা বয়স বাড়াকে দায়ী করেন। তবে নিদ্রা বিজ্ঞান বলছে, বই পড়ার সময় ঘুম পাওয়ার পেছনে এই কারণগুলোর প্রায় কোনোটিই সত্যি নয়। এটি মূলত একটি স্বাভাবিক ও সহজবোধ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা মানুষের পরিবেশ ও শরীরের ওপর পুরোপুরি নির্ভরশীল।
১৯৮২ সাল থেকে গবেষকরা দেখিয়েছেন যে আমাদের ঘুম মূলত দুটি বিষয়ের ওপর নির্ভর করে—
১।প্রসেস এস (হোমিওস্ট্যাটিক স্লিপ ড্রাইভ) : এটি হলো শরীরে ঘুমের রাসায়নিক চাপ, যা ঘুম থেকে ওঠার পর থেকে ক্রমাগত বাড়তে থাকে। আমরা যত বেশি সময় জেগে থাকি, এই চাপ তত বাড়ে। ক্যাফেইন সাময়িকভাবে এই চাপকে আড়াল করে রাখলেও দূর করতে পারে না।
২।প্রক্রিয়া সি (সার্কাডিয়ান রিদম) : এটি প্রায় ২৪ ঘণ্টার একটি অভ্যন্তরীণ চক্র, যা আমাদের শরীরের তাপমাত্রা, আলো ও মেলাটোনিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর কারণে সকালে সজাগ, দুপুরের শুরুতে ঝিমিয়ে পড়া এবং রাতে ঘুমকাতুরে লাগা স্বাভাবিক। এই দুই প্রক্রিয়া যখন একসঙ্গে কাজ করে, তখন শরীরে প্রচণ্ড ঘুমের তাগিদ তৈরি হয়।
বই পড়ার সময় ঘুম পাওয়ার ৫টি প্রধান কারণ :
১। শারীরিক উদ্দীপনার অভাব : পড়ার সময় হাঁটাচলা বা শারীরিক নড়াচড়া না থাকায় হৃদস্পন্দন ও শারীরিক সক্রিয়তা কমে যায়।ফলে ঘুমের চাপের বিরুদ্ধে শরীর কোনো পাল্টা সংকেত পায় না।
২। পরিবেশের প্রভাব (স্টিমুলাস কন্ট্রোল) : পড়ার জন্য নির্দিষ্ট কোনো চেয়ার, বিছানা বা সোফা নিয়মিত ব্যবহার করলে স্নায়ুতন্ত্র সেই পরিবেশটিকে ঘুমের সংকেত হিসেবে ধরে নেয়।
৩। আবছা ও উষ্ণ আলো : আরামদায়ক পরিবেশের জন্য ব্যবহৃত আবছা ও উষ্ণ আলো মস্তিষ্কে মেলাটোনিন নিঃসরণ বাড়িয়ে ঘুমের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়।
৪। মধ্যবর্তী মানসিক চাপ: বই পড়ায় টেলিভিশন দেখার চেয়ে বেশি মনোযোগ লাগে, কিন্তু গাড়ি চালানোর মতো অতিরিক্ত সতর্কতা লাগে না। সারাদিনের ক্লান্তি বা দুপুরের খাবারের পর এই মাঝারি মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে এবং ঘুম পেয়ে যায়।
৫। শারীরবৃত্তীয় ঘুমের সময়: দুপুর ১টা থেকে ৩টা (খাবার-পরবর্তী সময়) এবং রাতের ঘুমানোর আগের সময়টিতে মানুষের প্রাকৃতিকভাবেই বেশি ঘুম পায়। এই সময়েই অনেকে বই নিয়ে বসেন।
মনোযোগ ধরে রাখার কৌশল ও ছন্দ
পড়ার সময় মনে মনে শব্দ উচ্চারণ বা একই ছন্দে পড়ার অভ্যাস একঘেয়েমি তৈরি করে উত্তেজনা কমিয়ে দেয়। এই ছন্দ ভাঙতে মাঝেমধ্যে বিষয় পরিবর্তন করা, প্রশ্ন করা বা বিরতি নেওয়া কার্যকর হতে পারে। তবে মনে রাখবেন, বইটি অত্যন্ত আকর্ষণীয় হলেও যদি আপনার শরীরে অতিরিক্ত ঘুমের চাপ থাকে, তবে আপনি যেকোনো বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়তে পারেন।
বইয়ের দোষ নাকি পরিবেশের
আপনার যদি বই পড়তে গিয়ে ঘুম পায়, তবে নিজেকে একটি প্রশ্ন করুন—এই মুহূর্তে অন্য কোনো কম উদ্দীপনামূলক কাজ করতে গেলেও কি আপনার একই অবস্থা হতো? যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে সময় কাটানো যায় কিন্তু বই পড়লেই ঘুম পায়, তবে বুঝতে হবে আপনার মস্তিষ্ক উচ্চ মাত্রার ডিজিটাল উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়েছে। তাই বই পড়ার সময় ঘুম পাওয়ার সমাধান ‘আরো বেশি চেষ্টা করা নয়’, বরং পারিপার্শ্বিক পরিবেশ, বসার ভঙ্গি ও আলোর ব্যবস্থা পরিবর্তন করাই এর প্রকৃত প্রতিকার।









































