চলেন সবাই বর্বর সিনেমা বানাই : কারিনা কাপুর

সংগৃহীত ছবি

বলিউডে কোনো একটি সিনেমা সফল হলেই অনেক নির্মাতা সেই সিনেমার ধারা অনুসরণ করতে শুরু করেন। একটি সিনেমা জনপ্রিয় হওয়ার পর একই ধরনের গল্প, বিষয় বা নির্মাণশৈলী নিয়ে একের পর এক সিনেমা তৈরির প্রবণতা দেখা যায়।বলিউডের এই ট্রেন্ড অনুসরণ করার মানসিকতা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী কারিনা কাপুর।

সম্প্রতি ইউভা আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে হিন্দি সিনেমার পরিবর্তনশীল ধারা নিয়ে কথা বলেন কারিনা। সেখানে তিনি বলেন, এখনকার দর্শক অনেক বেশি সচেতন। কোন সিনেমা ভালো এবং কোন সিনেমা তারা দেখতে চান, সে সিদ্ধান্ত দর্শকরাই নিতে পারেন।

কারিনা বলেন, ‘আমাদের দর্শক আমাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান। কোন সিনেমা ভালো এবং তারা কোনটি দেখতে চান, সেটা তারা ভালোভাবেই বোঝেন। এখন বিষয়টি শুধু তরুণদের প্রেমের গল্প নিয়ে নয়। এখন সহিংসতা চলছে।অ্যানিমেল সফল হয়েছে, তাই চলেন সবাই বর্বর সিনেমা বানাই—এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সবাই আসলে একে অন্যকে অনুসরণ করছি।’

তবে বলিউডে সবাই একই ধরনের সিনেমা বানাচ্ছেন না বলেও জানান কারিনা। তার মতে, অনেক নির্মাতা এখনো ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা করছেন এবং দর্শকের চিন্তাভাবনাকে নাড়া দিতে চান।

কারিনার ভাষায়, ‘এমন নির্মাতাও আছেন, যারা ভিন্ন কিছু বানাতে চান, দর্শককে ভাবাতে চান এবং নিজেদের আলাদা দর্শক তৈরি করেছেন।আমার মনে হয়, এখন পরিস্থিতি বদলাচ্ছে। দর্শক এখন ট্রেলার দেখে সিদ্ধান্ত নেবেন, তারা সিনেমাটি দেখতে চান কি না।’

তরুণ দর্শকদের নিয়েও আশাবাদী কারিনা। তিনি বলেন, এখনকার তরুণরা সিনেমা নিয়ে প্রশ্ন করেন এবং গল্প নিয়ে ভাবেন। ফলে শুধু সিনেমাটি কমেডি—এমন কথা বললেই দর্শক সেটি দেখতে যাবেন, এমন ধারণা আর কাজ করবে না।

‘প্রতিটি সিনেমা ২০০ কোটি বা ৫০০ কোটি রুপি আয় করবে, এমন নয়। আমার মনে হয়, আমরা পরিবর্তন করছি এবং দর্শকরাও সেই পরিবর্তনে সাহায্য করছেন’—বলেন কারিনা।

‘অ্যানিমেল’ নিয়ে

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ মুক্তি পায় ২০২৩ সালে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তার বাবার চরিত্রে ছিলেন অনিল কাপুর।

বাবা-ছেলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে তৈরি সিনেমাটিতে পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি ব্যাপক সহিংসতা দেখানো হয়। মুক্তির পর সিনেমাটি বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পায়। বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি আয় করে ‘অ্যানিমেল’।

সিনেমাটির সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। সিনেমাটি বর্তমানে নির্মাণাধীন।

নতুন সিনেমায় কারিনা

এদিকে কারিনাকে সামনে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। এটি একটি তদন্তধর্মী সিনেমা।

এতে কারিনার সঙ্গে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। দুজনই পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। কিশোর অপরাধের সঙ্গে যুক্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে তারা পরস্পরবিরোধী অবস্থানে চলে যান।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দায়রা’র চিত্রনাট্য লিখেছেন মেঘনা গুলজার, যশ কেশওয়ানি ও সীমা আগরওয়াল। জঙ্গল পিকচার্স ও পেন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY