মিউজিক্যাল ছবি ‘উইকেড’-এর প্রচারের সময় ভক্তদের কাছ থেকে পাওয়া সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সিনথিয়া এরিভো। সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্দার বাইরে তার ও সহ-অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডের বন্ধুত্বের গভীরতা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের অতি-বিশ্লেষণ ও বিরূপ মনোভাব তাকে অবাক করেছিল।
চলচ্চিত্র দুটিতে এলফাবা ও গ্লিন্ডা চরিত্রে অভিনয় করা এই দুই তারকা পর্দার বাইরেও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। তবে প্রচারণার সময় তাদের আবেগ ও বন্ধুত্বের সত্যতা নিয়ে ভক্তরা নানা প্রশ্ন তুলেছিলেন। এ বিষয়ে এরিভো বলেন, অনেকে নিজেদের সোফায় বসে মনোবিজ্ঞানের পন্ডিত বনে যান। দুজন নারী যে সত্যিই বন্ধু হতে পারে, এই সাধারণ বিষয়টি অনেকের মনে এক ধরনের অদ্ভুত বিরক্তি তৈরি করেছিল।তারা হাসলে বা আবেগপ্রবণ হলে কেন এমন হচ্ছে, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন।
সাক্ষাৎকারে এরিভো গত বছর সিঙ্গাপুরে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার কথাও উল্লেখ করেন। সে সময় এক ভক্ত হঠাৎ দৌড়ে এসে আরিয়ানা গ্রান্ডের কাঁধে হাত রাখলে এরিভো তাকে রক্ষা করতে এগিয়ে যান। ওই ঘটনাকে ‘ভয়াবহ’ ও নিজেদের জন্য অরক্ষিত মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সে সময় তিনি আরিয়ানার ‘দেহরক্ষী’ হিসেবে নয়, বরং একজন সাধারণ বন্ধু হিসেবেই পাশে দাঁড়িয়েছিলেন।কিন্তু অনেকেই বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন।
জন এম. চু পরিচালিত ‘উইকেড’ ও ‘উইকেড : ফর গুড’ ছবি দুটি বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি অস্কার মনোনয়নও অর্জন করেছে। সিনেমা মুক্তির পরেও এই দুই তারকার বন্ধুত্ব অটুট রয়েছে, যার প্রমাণ হিসেবে তারা হাতে একই রকম ট্যাটুও করিয়েছেন। এদিকে, অভিনয়ের ধারাবাহিকতায় এরিভোকে সম্প্রতি ‘প্রিমা ফেসি’ নামের একটি নাটকেও দেখা গেছে।










































