‘রামায়ণ’-এ রহমানের সঙ্গে কাজ স্বপ্নপূরণের মতো : আরমান মালিক

সংগৃহীত ছবি

রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আরমান মালিক। এ আর রহমান ও হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমারের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।এই অভিজ্ঞতাকে স্বপ্নপূরণের মতো বলে উল্লেখ করেছেন গায়ক।

‘রামায়ণ’ সিনেমার ‘মঙ্গল রং’ গানের কন্নড় সংস্করণ ‘মঙ্গলা সঙ্গমা’তে বেলা শেন্ডের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরমান। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে সিনেমাটির সংগীতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

আরমান বলেন, ‘এটি আমার কাছে অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।এ আর রহমান স্যার ও হ্যান্স জিমার কিংবদন্তি সংগীতজ্ঞ। বিশ্বজুড়ে সিনেমার সংগীত উপভোগের ধরন গড়ে তুলতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের শিকড়ের সঙ্গে বিশাল আন্তর্জাতিক সিনেমার সংগীতের মেলবন্ধনের অংশ হতে পারা স্বপ্নপূরণের মতো।’

গায়ক জানান, আন্তর্জাতিক সফরে যাওয়ার আগে মুম্বাইয়ে গানটির রেকর্ডিং করেছিলেন তিনি।তবে এ আর রহমানের সঙ্গে স্টুডিওতে একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি তার। গানটিতে নিজের মতো করে কাজ করার স্বাধীনতা দেওয়ায় রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরমান।

তিনি বলেন, ‘রহমান স্যারের আমার ওপর আস্থা রাখাটাই সবচেয়ে বড় প্রশংসা।’

কন্নড় ভাষায় গান গাওয়া নিয়েও কথা বলেছেন আরমান। তার কাছে ভাষাটিতে গান গাওয়ার অভিজ্ঞতা সব সময়ই ঘরের মতো আপন।এই ভাষার শ্রোতাদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন তিনি।

আরমান বলেন, “তারা আমাকে নিজেদের একজন মনে করেন। ‘ওন্দু মালে বিল্লু’ এবং এখন ‘মঙ্গলা সঙ্গমা’—এই গানগুলো আমাকে সেখানে একটি পরিবারের অংশ করে তুলেছে।”

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ‘মঙ্গলা সঙ্গমা’ গানের ঝলক শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন আরমান। এ আর রহমানের জন্য গানটিতে কণ্ঠ দিতে পারা তার কাছে আরো বিশেষ বলে উল্লেখ করেন তিনি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও রবি দুবে অভিনয় করেছেন। সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।

LEAVE A REPLY