রুশ সীমান্তে শতাধিক বাংকার নির্মাণ করছে এস্তোনিয়া

রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় ইদা-ভিরুমা এলাকায় প্রায় ১৫০টি বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে এস্তোনিয়া। প্রতিরক্ষাব্যবস্থা জোরদার ও সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে বুধবার এ উদ্যোগের কথা নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্টিন হেরেম।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পিত বাংকারগুলোর মধ্যে প্রায় ১০০টি সরকারি জমিতে এবং বাকি ৫০টি ব্যক্তিমালিকানাধীন বা পৌরসভার জমিতে নির্মাণ করা হবে। তবে বাংকারগুলোর নকশা কিংবা সুনির্দিষ্ট ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানাননি হেরেম।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় বাল্টিক অঞ্চলের দেশগুলো প্রতিরক্ষা সক্ষমতা ও বেসামরিক নাগরিকদের জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি জোরদার করছে।

ন্যাটোর কর্মকর্তারা এ অঞ্চলে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, অন্তর্ঘাতমূলক তৎপরতা ও অন্যান্য পরোক্ষ নিরাপত্তা হুমকি নিয়ে সতর্ক করেছেন।একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশও নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ন্যাটো পূর্বাঞ্চলীয় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন এবং দ্রুত প্রতিক্রিয়ার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করেছে।

চলতি মাসের শুরুতে এস্তোনিয়ার সেনাবাহিনী রাশিয়ার সীমান্তের কাছাকাছি স্থায়ীভাবে একটি যুদ্ধপ্রস্তুত ব্রিগেড স্থানান্তরের পরিকল্পনার কথা জানায়। প্রথম ব্রিগেডটি সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত সম্প্রসারিত একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হবে।সম্ভাব্য রুশ হামলার ক্ষেত্রে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ্য।

LEAVE A REPLY