‘তনু ওয়েডস মনু ৩’-এ আবারও থাকছেন মাধবান ও কঙ্গনা

সংগৃহীত ছবি

‘তনু ওয়েডস মনু ৩’ সিনেমায় নতুন অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পরিচালক আনন্দ এল রাই। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি নির্মিত হলে তাতে থাকবেন আর মাধবান ও কঙ্গনা রানাউত।তাদের ছাড়া ‘তনু ওয়েডস মনু’ সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন পরিচালক।

সম্প্রতি মুম্বাইয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আনন্দ এল রাই বলেন, ‘মাধবানকে ছাড়া তনু ওয়েডস মনু সম্ভব নয়। তাই তিন, চার কিংবা পাঁচ—যখনই তনু ওয়েডস মনুর কোনো সিনেমা আসবে, তাতে মাধবান ও কঙ্গনা থাকবেন।’

চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, নতুন অভিনয়শিল্পীদের নিয়ে স্বতন্ত্র গল্পে তৈরি হতে পারে ‘তনু ওয়েডস মনু ৩’।তবে পরিচালকের বক্তব্যে সেই গুঞ্জন আর থাকছে না। যদিও তৃতীয় কিস্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০১১ সালে মুক্তি পায় ‘তনু ওয়েডস মনু’। এর চার বছর পর, ২০১৫ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘তনু ওয়েডস মনু রিটার্নস’।দুটি সিনেমাই পরিচালনা করেছেন আনন্দ এল রাই। প্রথম ছবিতে প্রবাসী মনুর চরিত্রে অভিনয় করেন আর মাধবান। ভারতে বিয়ের জন্য ফিরে এসে তনুর প্রেমে পড়েন তিনি। তনুর চরিত্রে অভিনয় করেন কঙ্গনা রানাউত। সিনেমাটিতে আরো ছিলেন জিমি শেরগিল, স্বরা ভাস্কর, দীপক ডোব্রিয়াল ও এজাজ খান।

প্রথম সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ১৭ কোটি রুপি। বিশ্বজুড়ে আয় করে প্রায় ৫৬ কোটি রুপি। অন্যদিকে, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। সিনেমাটি বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে বড় সাফল্য পায়।

সাক্ষাৎকারে বলিউডে জনপ্রিয় ধারার সিনেমা অনুসরণ করার প্রবণতা নিয়েও কথা বলেন আনন্দ এল রাই। তার মতে, কোনো ধরনের সিনেমা সফল হলে সেই ধারা অনুসরণ করার প্রবণতা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে নির্মাতাদের নিজেদের শক্তির জায়গা ও গল্প বলার ধরন সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

আনন্দ বলেন, নিজের কোন জায়গায় ভালো করা সম্ভব, তা নির্মাতাদের বুঝতে হবে। একই ধরনের কাজ বারবার করা ঠিক নয়, তবে যে জগতে একজন নির্মাতা ভালো গল্প বলতে পারেন, সেই জায়গা সম্পর্কেও তার পরিষ্কার ধারণা থাকা দরকার।

এদিকে আনন্দ এল রাইয়ের প্রযোজনায় নির্মিত ‘নাখরেওয়ালি’ সিনেমাটি আগামী ৩০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। রাহুল শঙ্কল্য পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন নতুন মুখ অংশ দুগ্গল ও প্রগতি শ্রীবাস্তব।

LEAVE A REPLY