আঙুলে এই ৫ পরিবর্তন দেখলে সতর্ক হোন, হতে পারে আর্থ্রাইটিস

সংগৃহীত ছবি

হাত দিয়ে পানির গ্লাস ধরা, জামার বোতাম লাগানো কিংবা বোতলের ঢাকনা খোলা প্রতিদিনের এমন সাধারণ কাজও হঠাৎ কঠিন হয়ে উঠছে? আঙুলে ব্যথা, জড়তা কিংবা ফোলা ভাবকে অনেকেই কাজের চাপ বা ক্লান্তি ভেবে এড়িয়ে যান। কিন্তু এসব সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে সতর্ক হওয়া জরুরি।কারণ, এগুলো হতে পারে হাতের আর্থ্রাইটিস বা বাতের প্রাথমিক লক্ষণ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

হাতের ছোট ছোট জয়েন্টে এই সমস্যা দেখা দিতে পারে। ধীরে ধীরে আঙুল নাড়ানো, কোনো কিছু শক্ত করে ধরা কিংবা হাতের সূক্ষ্ম কাজগুলো করাও কঠিন হয়ে উঠতে পারে। হাতের আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ, দৈনন্দিন জীবনে এর প্রভাব এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, সে বিষয়ে অর্থোপেডিক বিভাগের পরিচালক ও কনসালট্যান্ট অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. আশিস ফাদনিস।

হাতের আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ

আঙুলের জয়েন্টে কিংবা বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা, ফোলা ও স্পর্শে ব্যথা অনুভব করা হাতের আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম। ডা. আশিস ফাদনিস জানান, শুরুতে হালকা ব্যথা অনুভূত হতে পারে। তবে কোনো কিছু শক্ত করে ধরা, বোতলের ঢাকনা খোলা কিংবা মুঠো করতে গেলে ব্যথা আরো স্পষ্ট হয়ে ওঠে।

কিছু মানুষের সকালে ঘুম থেকে ওঠার পর আঙুলে জড়তা দেখা দেয়।হাত নাড়াচাড়া শুরু করলে ধীরে ধীরে তা কমে আসে। তবে এই জড়তা এক ঘণ্টার বেশি স্থায়ী হলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে। এমন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এ ছাড়া আঙুলের স্বাভাবিক নমনীয়তা কমে যাওয়া এবং আঙুল নাড়ানোর সময় ঘষা লাগার মতো অনুভূতিও দেখা দিতে পারে।

দৈনন্দিন কাজে যেভাবে প্রভাব ফেলে

হাতের আর্থ্রাইটিস ধীরে ধীরে দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজগুলো কঠিন করে তুলতে পারে।বিশেষ করে যেসব কাজে হাত দিয়ে শক্ত করে কিছু ধরা, আঙুল নাড়ানো কিংবা সূক্ষ্মভাবে কাজ করার প্রয়োজন হয়, সেগুলোতে সমস্যা দেখা দেয়।

ডা. ফাদনিসের মতে, এ সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জামার বোতাম লাগানো, লেখালেখি করা, কাপ ধরা, চাবি ঘোরানো কিংবা মোবাইল ফোন ব্যবহার করতে অস্বস্তি হতে পারে। সমস্যা বাড়তে থাকলে ব্যথা ও জড়তার কারণে আঙুলের নড়াচড়ার স্বাভাবিক পরিসর কমে যায়। ফলে দৈনন্দিন কাজগুলো করতে আরও বেশি অসুবিধা হয়।

অন্যান্য জয়েন্ট আর্থ্রাইটিস থেকে এটি কতটা আলাদা

হাঁটু বা কোমরের মতো শরীরের ভার বহনকারী জোড়ায় আর্থ্রাইটিস হলে হাঁটা, দাঁড়ানো কিংবা চলাফেরায় সমস্যা বেশি দেখা যায়। অন্যদিকে, হাতের আর্থ্রাইটিস মূলত কোনো কিছু ধরার শক্তি, হাতের সমন্বয় এবং আঙুলের নড়াচড়ায় প্রভাব ফেলে। ডা. ফাদনিস জানান, অস্টিওআর্থ্রাইটিস সাধারণত আঙুলের ডগার কাছের জোড়া, আঙুলের মাঝের জোড়া এবং বুড়ো আঙুলের গোড়ায় বেশি দেখা যায়।

অন্যদিকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত দুই হাতের একই ধরনের জোড়ায় আক্রান্ত করে। ফলে দুই হাতেই প্রায় একই রকম সমস্যা দেখা দিতে পারে। এতে ব্যথা, ফোলা এবং সকালে এক ঘণ্টার বেশি সময় ধরে আঙুল শক্ত হয়ে থাকার মতো লক্ষণ দেখা যায়।

কখন চিকিৎসকের কাছে যাবেন

হাতের ব্যথা, ফোলা কিংবা জড়তাকে অবহেলা করা উচিত নয়। এসব সমস্যা কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার পরামর্শ দিয়েছেন ডা. ফাদনিস। এ ছাড়া সকালে দীর্ঘ সময় আঙুল শক্ত হয়ে থাকা, কোনো কিছু ধরতে অসুবিধা, জোড়ায় দৃশ্যমান ফোলা কিংবা আঙুলের স্বাভাবিক অবস্থান বদলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে।

ডা. ফাদনিসের মতে, শুরুতেই রোগ শনাক্ত করা গেলে কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে, তা নির্ধারণ করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব। এতে জোড়ার উল্লেখযোগ্য ক্ষতি কিংবা হাতের স্বাভাবিক কর্মক্ষমতা হারানোর ঝুঁকি কমানো যায়।

LEAVE A REPLY