ডাবল সেঞ্চুরির পর হৃদয়ের উদযাপন। ছবি : সংগৃহীত
সেঞ্চুরিটা হলে ব্যক্তিগত অজর্নটা ‘সোনায় সোহাগা’ হতো। ১৮ রানের জন্য তিন অংকের দেখা পাননি তাওহিদ হৃদয়।সেই আক্ষেপ থাকলেও রেকর্ডময় এক টেস্ট কাটালেন তিনি।
হৃদয়ের মতোই আক্ষেপ থাকল বাংলাদেশেরও। সিলেট টেস্ট ড্র হওয়ায় সিরিজে সমতা ফেরানো হলো না বাংলাদেশের। তাতে ঘরের মাঠের দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হারতে হলো ওয়েস্ট ইন্ডিজের কাছে।
সিলেট টেস্ট জিততে রেকর্ড ৩৮৬ রান তাড়া করতে হতো বাংলাদেশকে। শেষ দিনে যে এই রান তাড়া করা কঠিন সেটা টেস্ট ড্র হওয়াতে প্রমাণই হলো। আলোকস্বল্পতার পর দুই দলের অধিনায়ক যখন টেস্ট ড্র মেনে নিল তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮৫। হাতে ছিল ৬ উইকেট।
তাড়া করতে নেমে দলীয় ৪০ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৪ রানের বিপরীতে আরেক বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২১ রান। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম-হৃদয়। পরে দুজনই ৮ রানের ব্যবধানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।
হৃদয়ের ৮২ রানের বিপরীতে ৪৯ রানে আউট হন মুশফিক।সেঞ্চুরি না পেলেও এই স্কোরেই রেকর্ডবুক তছনছ করেন হৃদয়। বাংলাদেশের ইতিহাসে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি হাঁকানো প্রথম ব্যাটার তিনি।
তারও আগে মমিনুল হকের এক কীর্তি নিজের করে নিয়েছেন হৃদয়। টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের কীর্তি। ২৮১ রান নিয়ে এতদিন মুমিনুল ছিলেন সবার উপরে। তিনি ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন। আজ সবমিলিয়ে সিলেট টেস্টে ৩২৪ রান করেছেন হৃদয়।
এক টেস্টে ৩০০ রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার হৃদয়। দ্বিতীয় ইনিংসের ৮২ রানের বিপরীতে প্রথম ইনিংসে করেন অপরাজিত ২৪২ রান। পরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন হৃদয়। অন্যদিকে পুরো সিরিজে ১৬ উইকেট ও ২৭ রানের জন্য সিরিজসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।
এর আগে ৬ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের (১৪২) সেঞ্চুরির বিপরীতে ব্র্যান্ডন কিং (৬১) ও কেভিন উইকহাম (৭৮) করেন ফিফটি। প্রথম ইনিংসে আমির জঙ্গুর (১৩৩) সেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা করে ৩৫৬ রান। বিপরীতে বাংলাদেশ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে করে ৩৮৬ রান।
মিরপুর টেস্টে ৮ উইকেটের পরাজয় দেখেছিল বাংলাদেশ।









































