সিরিজ হেরে কী বললেন শান্ত

শান্ত। ছবি : সংগৃহীত

সিরিজ ড্র করতে হলে সিলেট টেস্ট জিততেই হতো বাংলাদেশকে। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ।তাতে দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে হারলেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

ঘরের মাঠে সিরিজ হারায় স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজে খুইয়ে হতাশা লুকালেন না শান্তও। সিলেট টেস্ট শেষে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, এটা খুবই হতাশাজনক।আমরা যেভাবে নিজেদের প্রস্তুত করেছিলাম, তাতে এই টেস্ট ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। কিন্তু প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। হৃদয় ছাড়া আর কেউ তেমন অবদান রাখতে পারেনি। আমার মনে হয়, এটাই আমাদের ম্যাচ হারানোর কারণ।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন বিভাগেই বাংলাদেশ বাজে করেছে বলে সরল স্বীকারোক্তি শান্তর। বাংলাদেশি অধিনায়কের ভাষায়, ‘পুরো সিরিজই আমাদের জন্য খুব হতাশার। গত কয়েক বছর ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এই সিরিজে তিনটি বিভাগেই, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। এমনকি ফিল্ডিংয়েও আমাদের মধ্যে যথেষ্ট উদ্যম ছিল না।সব মিলিয়ে খুব হতাশাজনক পারফরম্যান্স।’

সিলেট টেস্টে বাংলাদেশে সাফল্য তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিং। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন তিনি। সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান (২৪২* ও ৮২) করেছেন। ম্যাচসেরার পুরস্কার পাওয়া হৃদয়ের প্রশংসা তাই শান্তর মুখে। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘খুবই ভালো করেছে (হৃদয়)। আমরা সবাই জানি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে সে কতটা ভালো। প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, কিন্তু এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করে এ ধরনের ফিনিশিং দিতে পারে, এমন একজন খেলোয়াড়ের খোঁজ আমরা করছিলাম। তাকে দলে পেয়ে খুবই ভালো লাগছে। আশা করি, সে এভাবেই ব্যাটিং চালিয়ে যাবে।’

LEAVE A REPLY