বিমানের দুই উড়োজাহাজকে কার্গোতে রূপান্তরের পরিকল্পনা

আকাশপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে থাকা দুটি উড়োজাহাজকে সম্পূর্ণভাবে পণ্যবাহী ‘কার্গো উড়োজাহাজে’ রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পতাকাবাহী এই সংস্থার রাজস্ব আয় বহুগুণ বাড়বে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন কম্পানি ‘হাইবারি গ্রুপ’-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো।

সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন, সম্প্রসারণ, উড়োজাহাজ ইজারা (লিজ) এবং সেগুলোকে কার্গো উড়োজাহাজে রূপান্তরে বিনিয়োগের জোর আগ্রহ প্রকাশ করেন। তিনি উড়োজাহাজ সংগ্রহ, অর্থায়ন এবং সম্পদ ব্যবস্থাপনায় তার কম্পানির দীর্ঘ বৈশ্বিক অভিজ্ঞতার চিত্র তুলে ধরেন।

জবাবে মন্ত্রী জানান, হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য কোনো বিনিয়োগ প্রস্তাব এলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

পর্যটনমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসেকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক এভিয়েশন শিল্পে আরো শক্তিশালী ও লাভজনক করতে সরকার বহর সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরো জানান, নতুন উড়োজাহাজ সরবরাহের দীর্ঘ সময়সীমা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে লিজে উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে লিজিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উড়োজাহাজের উড্ডয়ন সময় (ফ্লাইং আওয়ারস), রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ কারিগরি ও পরিচালনগত সকল সূচক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হবে।

বৈঠকে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের কৌশলগত সহযোগিতা দেশের বেসামরিক বিমান চলাচল খাতের আধুনিকায়ন ও অগ্রগতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।

LEAVE A REPLY