সংগৃহীত ছবি
রং চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। এতে রয়েছে পলিফেনল নামের কিছু প্রাকৃতিক উপাদান।এর মধ্যে উল্লেখযোগ্য হলো থিয়াফ্লাভিন ও থিয়ারুবিজিন। এসব উপাদানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য।
নিয়মিত রং চা পান করা হৃদযন্ত্রের স্বাস্থ্য, রক্তনালির কার্যকারিতা এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত রং চা পান করেন।এনডিটিভির এক প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, রং চা কোনো ওজন কমানোর ওষুধ নয়। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা এবং জীবনযাপনের অভ্যাসের সঙ্গে মিলিয়ে পান করলেই এটি ওজন নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক হতে পারে।
যেভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে রং চা
১. ক্যালরির পরিমাণ খুব কম
চিনি ছাড়া রং চায়ে ক্যালরির পরিমাণ খুবই কম।তাই চিনিযুক্ত চা, কোমল পানীয় কিংবা মিষ্টি কফির পরিবর্তে রং চা পান করলে প্রতিদিনের মোট ক্যালরি গ্রহণের পরিমাণ কমতে পারে। তবে এতে কয়েক চামচ চিনি, মধু কিংবা ক্রিম মেশালে ক্যালরির পরিমাণ বেড়ে যাবে।
২. বিপাকপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে
রং চায়ে থাকা পলিফেনল শরীরের বিপাকপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে থিয়াফ্লাভিনসহ অন্যান্য উপাদান শরীরে চর্বি ও শর্করা প্রক্রিয়াজাত করার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে রং চা পান করলেই উল্লেখযোগ্য ওজন কমে, এমন প্রমাণ এখনো যথেষ্ট নয়।
৩. চর্বি ব্যবহারে ভূমিকা রাখতে পারে
চায়ে থাকা কিছু প্রাকৃতিক উপাদান শরীরের চর্বি ভাঙা ও ব্যবহারের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে কয়েকটি গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। রং চায়ের পলিফেনল চর্বি বিপাকের সঙ্গে জড়িত কিছু এনজাইমের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। তবে এই প্রভাব খুব বেশি নয়। তাই একে দ্রুত চর্বি ঝরানোর উপায় ভাবার সুযোগ নেই।
৪. অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক হতে পারে
রং চায়ের পলিফেনল অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। গবেষণায় দেখা গেছে, চায়ের এসব উপাদান অন্ত্রের অণুজীবের গঠন ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। সুস্থ অন্ত্রের জীবাণুসমষ্টি সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্য সহায়ক। তবে শুধু রং চা পান করলে ওজন কমে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
৫. চিনিযুক্ত পানীয়ের বিকল্প হতে পারে
ওজন নিয়ন্ত্রণে রং চায়ের অন্যতম ভূমিকা হলো চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে এটি পান করা। এক কাপ চিনি ছাড়া রং চা থেকে খুব বেশি ক্যালরি গ্রহণ করতে হয় না। নিয়মিত চিনিযুক্ত পানীয়ের বদলে এটি পান করলে দীর্ঘ মেয়াদে ক্যালরি গ্রহণের পরিমাণ কমতে পারে।
৬. ক্যাফেইন সাময়িকভাবে কর্মক্ষমতা বাড়াতে পারে
রং চায়ে প্রাকৃতিকভাবেই ক্যাফেইন থাকে। এটি সাময়িকভাবে সতর্কতা ও কর্মোদ্যম বাড়াতে পারে। পাশাপাশি শরীরের শক্তি ব্যয়ের ওপর সামান্য প্রভাব ফেলতে পারে। শরীরচর্চার আগে ক্যাফেইন কিছু মানুষের কর্মক্ষমতা বাড়াতেও সহায়ক হতে পারে। তবে এই প্রভাব সীমিত এবং নিয়মিত ক্যাফেইন গ্রহণ করলে শরীর ধীরে ধীরে এর সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে পারে।
৭. স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে বেশি কার্যকর
ওজন কমানোর ক্ষেত্রে রং চায়ের ভূমিকা তুলনামূলকভাবে সামান্য। এর চেয়ে প্রতিদিনের খাবারের অভ্যাস, শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং শরীরের ক্যালরির ভারসাম্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস বজায় রেখে শুধু রং চা পান করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
দিনে কত কাপ রং চা পান করা ভালো
ওজন কমানোর জন্য দিনে ঠিক কত কাপ রং চা পান করতে হবে, তার নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যক্তিগত ক্যাফেইন সহনশীলতার ওপর নির্ভর করে দিনে এক থেকে তিন কাপ রং চা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। ওজন নিয়ন্ত্রণের লক্ষ্য থাকলে রং চা চিনি ছাড়া অথবা খুব সামান্য চিনি দিয়ে পান করাই ভালো।











































