সংগৃহীত ছবি
কেউ কিছু বললে আমরা সাধারণত তার কথার সরাসরি অর্থ বোঝার চেষ্টা করি। কিন্তু যোগাযোগ মনোবিজ্ঞানের মতে, একটি বাক্যের মধ্যেই লুকিয়ে থাকতে পারে একাধিক বার্তা।বক্তা কী তথ্য দিচ্ছেন, নিজের সম্পর্কে কী প্রকাশ করছেন, শ্রোতার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন এবং তিনি আসলে কী চান—সবকিছুই প্রকাশ পেতে পারে একই কথার মাধ্যমে। তাই অন্যের কথা বুঝতে শুধু শব্দের অর্থ নয়, আরও কয়েকটি বিষয় খেয়াল করা জরুরি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে–তে প্রকাশিত এক নিবন্ধে যোগাযোগ মনোবিজ্ঞানের জার্মান গবেষক ফ্রিডেমান শুলৎস ফন থুনের দুটি মডেলের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। তাঁর মতে, মানুষের যোগাযোগের ক্ষেত্রে একই সঙ্গে চার ধরনের বার্তা আদান-প্রদান হয়।তিনি বিষয়টিকে ‘কমিউনিকেশন স্কয়ার’ বা যোগাযোগের চার দিকের মডেল হিসেবে তুলে ধরেছেন।
একই কথায় চার ধরনের বার্তা
শুলৎস ফন থুনের মডেল অনুযায়ী, একটি বাক্যে চারটি বিষয় থাকতে পারে।
প্রথমটি হলো তথ্য বা বক্তব্যের সরাসরি অর্থ। দ্বিতীয়টি হলো নিজের সম্পর্কে কিছু প্রকাশ করা—যেমন বক্তার অনুভূতি, চিন্তা কিংবা মানসিক অবস্থা।তৃতীয়টি হলো সম্পর্কের বার্তা, অর্থাৎ বক্তা শ্রোতাকে কীভাবে দেখছেন বা তাঁদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে তাঁর মনোভাব কী। চতুর্থটি হলো আবেদন বা প্রত্যাশা—বক্তা শ্রোতার কাছ থেকে কী করতে চাইছেন।
বিষয়টি বোঝাতে নিবন্ধে গাড়ি চালানোর একটি উদাহরণ দেওয়া হয়েছে। একজন নারী গাড়ি চালাচ্ছেন, আর পাশে বসা পুরুষটি বললেন, ‘সামনে সবুজ বাতি জ্বলছে!’
কথাটির সরাসরি অর্থ হলো, সামনে ট্রাফিক সিগন্যাল সবুজ হয়েছে। কিন্তু এর মাধ্যমে পুরুষটি নিজের তাড়াহুড়োর মনোভাবও প্রকাশ করতে পারেন।আবার নারীর গাড়ি চালানো নিয়ে তাঁর অসন্তুষ্টি থাকতে পারে। একই সঙ্গে তিনি হয়তো নারীকে দ্রুত গাড়ি চালানোর ইঙ্গিত দিচ্ছেন।
অর্থাৎ, একই বাক্য থেকে চার ধরনের বার্তা পাওয়া সম্ভব। বক্তা যেমন চার দিক থেকে কথা বলেন, শ্রোতাকেও তেমনি চার দিক থেকে তা বুঝতে হয়। এ কারণেই মডেলটির নামের সঙ্গে ‘চার কান’ ধারণাটি যুক্ত।
একটি কথাকে ব্যক্তিগতভাবে নেওয়ার ঝুঁকি
শুলৎস ফন থুনের মতে, শ্রোতা যদি সব সময় সম্পর্কের দিকটিকে বেশি গুরুত্ব দেন, তাহলে অন্যের কথার মধ্যে সহজেই নিজের প্রতি অসম্মান বা অসন্তোষ খুঁজে পেতে পারেন। এতে সাধারণ কথাও ব্যক্তিগত আঘাত বলে মনে হতে পারে। ফলে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া তৈরি হয়।
তবে একই কথা অন্যভাবে শোনার চেষ্টা করলে পরিস্থিতি বদলাতে পারে। যেমন, বক্তার কথার পেছনে নিজের প্রতি অসন্তোষ না খুঁজে তাঁর উদ্বেগ, তাড়াহুড়ো বা কষ্টের বিষয়টি বোঝার চেষ্টা করা যায়। এতে শ্রোতার প্রতিরক্ষামূলক মনোভাব কমতে পারে এবং কথোপকথন আরও স্বাভাবিক হয়।
নিজের মনের ভেতরেও থাকে একাধিক কণ্ঠ
শুধু অন্যের সঙ্গে যোগাযোগ নয়, নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার ক্ষেত্রেও নানা ধরনের চিন্তা কাজ করে। শুলৎস ফন থুন একে বলেছেন ‘ইনার প্লুরালিটি’ বা মনের ভেতরের বহুমাত্রিকতা।
ধরা যাক, কেউ একটি নতুন কাজ শুরু করতে চান। তখন মনের একটি অংশ তাঁকে উৎসাহ দিতে পারে। অন্য একটি অংশ ব্যর্থতার ভয় দেখাতে পারে। সমালোচনামূলক কণ্ঠটি তাঁর দুর্বলতা মনে করিয়ে দিতে পারে। আবার সামাজিক দিক নিয়ে চিন্তা করা অংশটি ভাবতে পারে, অন্যরা বিষয়টি কীভাবে নেবে।
এ ধরনের পরস্পরবিরোধী চিন্তা মানুষের সিদ্ধান্ত নেওয়াকে কঠিন করে তুলতে পারে। তবে গবেষকের মতে, এসব কণ্ঠকে দমন না করে তাদের বক্তব্য বোঝার চেষ্টা করা উচিত।
মনের ভেতরের কণ্ঠগুলোর মধ্যে সমন্বয়
শুলৎস ফন থুনের ‘ইনার টিম’ বা অন্তর্দলের ধারণা অনুযায়ী, মানুষের মনের ভেতরের বিভিন্ন কণ্ঠকে একটি দলের সদস্য হিসেবে বিবেচনা করা যায়। প্রত্যেকের উদ্বেগ ও চাহিদা শোনা এবং সেগুলোর মধ্যে সমন্বয় করাই এ ধারণার মূল কথা।
উদাহরণ হিসেবে, কারও মধ্যে থাকা অতিরিক্ত নিখুঁত হওয়ার প্রবণতা তাঁকে নতুন কিছু শুরু করতে বাধা দিতে পারে। কারণ, তিনি হয়তো আশঙ্কা করেন যে কাজটি শতভাগ ভালো না হলে ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। এ অবস্থায় নিজের সেই প্রবণতাকে শুধু দোষারোপ না করে বোঝার চেষ্টা করা যেতে পারে—কেন এমন ভয় তৈরি হচ্ছে এবং সেটি আসলে কী থেকে রক্ষা করতে চাইছে।
প্রতিটি চিন্তার পেছনের কারণ বোঝার পর নিজের অভিজ্ঞতা ও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এতে মনের কোনো অংশকে একেবারে অগ্রাহ্য করতে হয় না; বরং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো যায়।
নিজের সঙ্গে ভালো সম্পর্ক, অন্যের সঙ্গেও ভালো যোগাযোগ
শুলৎস ফন থুনের মতে, নিজের ভেতরের বিভিন্ন চিন্তা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা আত্মবোঝাপড়া বাড়াতে পারে। এতে আত্মসমালোচনা ও নিজের প্রতি বিরূপ মনোভাব কমার সুযোগ থাকে। একই সঙ্গে নিজের ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হলে অন্যের সঙ্গে যোগাযোগও সহজ হয়।
নিবন্ধে গবেষকের বক্তব্যের মূল শিক্ষা হলো, ভালো যোগাযোগের জন্য শুধু অন্যের কথা মনোযোগ দিয়ে শোনাই যথেষ্ট নয়। কথার পেছনের অনুভূতি, সম্পর্কের ইঙ্গিত ও প্রত্যাশাও বোঝার চেষ্টা করতে হবে। একইভাবে নিজের মনের ভেতরের নানা মতকে জায়গা দিয়ে তাদের মধ্যে সমন্বয় করতে পারলে সিদ্ধান্ত নেওয়া ও সম্পর্ক বজায় রাখা—দুটিই সহজ হতে পারে।











































