‘প্রেমিক-প্রেমিকার মতো ঘোরাঘুরি করার সুযোগ পাইনি’, আক্ষেপ আসিফের স্ত্রীর

সংগৃহীত ছবি

সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে প্রেমের সময় কিংবা বিয়ের পরও ঘুরে বেড়ানো, সিনেমা দেখা কিংবা পার্কে যাওয়ার সুযোগ খুব একটা হয়নি তার স্ত্রী বেগম সালমা আসিফের। এমনকি একসঙ্গে বাইরে খেতে যাওয়া বা কেনাকাটা করার সুযোগও ছিল সীমিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো একটি ছবি প্রকাশ করে স্বামীর সঙ্গে কাটানো সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২০২১ সালের একই দিনের একটি স্মৃতি তুলে ধরেন সালমা। ছবিতে দুই সন্তানকে সঙ্গে নিয়ে দেখা গেছে আসিফ আকবর ও তার স্ত্রীকে।

পোস্টে সালমা আসিফ লেখেন, ‘আমি আর আসিফ আকবর প্রেম করার সময় অন্য প্রেমিক-প্রেমিকার মতো ঘোরাঘুরি করার মতো সুযোগ পাইনি।দূরে থাক সিনেমা দেখা পার্কে যাওয়া।’

স্বামীর জনপ্রিয়তা ও ব্যস্ততার কারণে পরবর্তী সময়েও একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা হয়নি বলে জানান তিনি। এ প্রসঙ্গে সালমা লেখেন, ‘আর গায়ক পদবি বা পরিচিত হওয়ার পর আরো হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তবে রণ-রুদ্র (দুই ছেলে) মিস করত।বিভিন্নভাবে অনেক বুঝিয়ে তাদের ইচ্ছাকে দমিয়ে রাখতাম। ২১ সালের আজকের দিন আমাদের একসঙ্গে পাসপোর্ট রিনিউ করতে যাওয়ায় একটু সুযোগ হয়ে গেল।’

পুরনো সেই ছবির পেছনের গল্প জানাতে গিয়ে সালমা জানান, ২০২১ সালের ১১ নভেম্বর আসিফ আকবরের সঙ্গে একসঙ্গে পাসপোর্ট নবায়ন করতে গিয়েছিলেন তিনি। সেই কাজের সুবাদেই সেদিন কিছুটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ হয়েছিল তাদের। আর সেই মুহূর্তেই চার বছর পর স্মৃতির পাতায় তুলে ধরলেন শিল্পীর স্ত্রী।

LEAVE A REPLY