নিয়মিত সিনেমা না করেও যেভাবে শীর্ষ ধনীদের তালিকায় জুহি

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন জুহি চাওলা। নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।আমির খানের বিপরীতে ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’, শাহরুখ খানের সঙ্গে ‘ডার’ ও ‘ইয়েস বস’ কিংবা অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’—বিভিন্ন ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে সময়ের সঙ্গে অভিনয়ে ব্যস্ততা কমিয়েছেন এই অভিনেত্রী। এখন আর নিয়মিত সিনেমায় দেখা যায় না তাকে। কিন্তু সম্পদের হিসাবে বলিউডের অনেক তারকাকেই ছাড়িয়ে গেছেন তিনি।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, জুহি চাওলা ও তার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি। ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের তালিকায় তার অবস্থান শীর্ষে। তার ওপরে রয়েছেন কেবল শাহরুখ খান।

আজ ১৩ নভেম্বর জুহি চাওলার জন্মদিন।১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্মগ্রহণ করেন তিনি। এবার ৫৯ বছরে পা দিলেন অভিনেত্রী। জন্মদিনে তার অভিনয়জীবনের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে কীভাবে সিনেমার বাইরে ব্যবসায় যুক্ত হয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।

ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে সংসার

জুহির সম্পদের হিসাব বুঝতে হলে তার স্বামী ব্যবসায়ী জয় মেহতার প্রসঙ্গ আসবেই। জয় মেহতা ভারতের পরিচিত শিল্পোদ্যোক্তাদের একজন।মুম্বাইভিত্তিক মেহতা গ্রুপের ব্যবসা চারটি মহাদেশে বিস্তৃত। সিমেন্ট ও নির্মাণসামগ্রী, প্যাকেজিং, চিনি, কৃষি, ফুল চাষ, প্রকৌশল এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন খাতে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবসা।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিল্পপ্রকৌশলে স্নাতক এবং সুইজারল্যান্ডের আইএমডি থেকে এমবিএ করেছেন জয়। দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। মেহতা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন।

জুহি ও জয়ের পরিচয় হয়েছিল অভিনেত্রীর সিনেমায় অভিষেকের আগেই। পরে এক বন্ধুর আয়োজিত নৈশভোজে আবার দেখা হয় তাদের। এরপর জুহিকে মুগ্ধ করতে নানা চেষ্টা চালান জয়। এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, জয় প্রতিদিন তাকে চিঠি, ফুল ও উপহার পাঠাতেন। এক জন্মদিনে তো এক ট্রাক লাল গোলাপ পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রায় এক বছর পর জয়ের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন অভিনেত্রী।

১৯৯৫ সালে বিয়ে করেন তারা। তবে দীর্ঘদিন বিয়ের খবর গোপন রেখেছিলেন জুহি। তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি। বিয়ের খবর প্রকাশ্যে এলে অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা ছিল তার। পরে ২০০১ সালে প্রথম সন্তান জন্মের সময় তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির দুই সন্তান—জাহ্নবী ও অর্জুন।

This may contain: a group of people standing next to each other with a trophy in front of them

শাহরুখের সঙ্গে ক্রিকেটের ব্যবসা

জুহি ও তার পরিবারের বিপুল সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের আগে দল কেনার নিলামে অংশ নেন শাহরুখ খান ও জুহি চাওলা। তাদের সঙ্গে যুক্ত ছিলেন জয় মেহতাও। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা পরিবারের ব্যবসায়িক স্বার্থ মিলিয়ে গড়ে ওঠে এই অংশীদারি।

আইপিএলের প্রথম নিলামে প্রায় ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কেনেন তারা। শুরুতে নতুন এই ক্রিকেট লিগের সাফল্য নিয়ে অনিশ্চয়তা ছিল। এমনকি জয়ের কয়েকজন ব্যবসায়ী বন্ধুও এত বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সময়ের সঙ্গে কেকেআর পরিণত হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াবাণিজ্যের পরিচিত ব্র্যান্ডে।

আইপিএলে তিনবার শিরোপা জিতেছে দলটি। ২০২৪ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় কলকাতা। শুধু আইপিএলেই নয়, নাইট রাইডার্স গ্রুপের অধীনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজিও রয়েছে।

২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরে জুহি ও তার পরিবারের সম্পদ ৬৯ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। এই সম্পদ বৃদ্ধির পেছনে নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কেকেআরের শুরুটা অবশ্য খুব সহজ ছিল না। আইপিএলের প্রথম দিকের আসরগুলোয় দলটি নিয়মিত হারত। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো জুহির সন্তানদেরও। তারা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন। স্কুলে মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থকদের অনেকে কেকেআরের পরাজয় নিয়ে তাদের সঙ্গে হাসাহাসি করত।

‘দ্য কাপিল শার্মা শো’তে জুহি জানিয়েছিলেন, কেকেআর হারতে বসলে তিনি নীরবে প্রার্থনা শুরু করতেন। একের পর এক ব্যর্থতার পরও দলটির পাশে ছিলেন তারা। পরে সেই দলই আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়।

বিনোদন ব্যবসায়ও অংশীদারি

শাহরুখ খানের সঙ্গে জুহির ব্যবসায়িক সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। পরে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি। শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের প্রতিষ্ঠিত এই সংস্থা সিনেমা প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসাতেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

জুহি ও শাহরুখের বন্ধুত্বের শুরু সিনেমার সেটে। ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’, ‘ডার’, ‘ইয়েস বস’ ও ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার সেই সম্পর্ক পরবর্তী সময়ে ব্যবসায়িক অংশীদারিতেও রূপ নেয়।

যেভাবে শুরু অভিনয়জীবন

১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বিনোদনজগতে যাত্রা শুরু জুহির। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা জাতীয় পোশাকের পুরস্কারও পেয়েছিলেন তিনি। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। তবে প্রকৃত পরিচিতি আসে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’ সিনেমায় অভিনয়ের পর।

এরপর নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন জুহি। ‘লুটেরে’, ‘ডার’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ইয়েস বস’ ও ‘ইশক’ তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য সিনেমা। বিশেষ করে কমেডি চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয় তাকে দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ সিনেমার জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি।

একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন জুহি। বিয়ের পরও অভিনয় চালিয়ে গেছেন, তবে ধীরে ধীরে কাজের সংখ্যা কমিয়ে বেছে বেছে সিনেমায় অভিনয় করতে শুরু করেন।

পরিবেশ সংরক্ষণেও সক্রিয়

অভিনয় ও ব্যবসার বাইরে পরিবেশ সংরক্ষণ নিয়েও কাজ করছেন জুহি। বিশেষ করে শব্দদূষণ ও প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন তিনি। মুম্বাইয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচার চালানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণের পক্ষেও কথা বলেছেন। শিশুদের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও তার আগ্রহ রয়েছে।

ওটিটিতেও অভিনয় করছেন

অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি জুহি। গত কয়েক বছরে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন তিনি। ২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাশ হাশ’-এ অভিনয় করেন। তনুজা চন্দ্রা পরিচালিত এই সিরিজে তার সঙ্গে ছিলেন আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কামরা, শাহানা গোস্বামী ও কারিশমা তান্না।

একই বছর মুক্তি পায় ‘শার্মাজি নামকিন’। হিতেশ ভাটিয়া পরিচালিত এই ছবিতে মিসেস মানচান্দার চরিত্রে অভিনয় করেন জুহি। ছবিটিতে ঋষি কাপুরের মৃত্যুর পর তার চরিত্রের বাকি অংশে অভিনয় করেন পরেশ রাওয়াল।

২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য রেলওয়ে মেন : দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’ সিরিজেও অভিনয় করেন তিনি। একই বছর মুক্তি পাওয়া ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ কমেডি-ড্রামায় দুই কিশোরের মায়ের চরিত্রে দেখা যায় জুহিকে। তার দুই ছেলের ভূমিকায় ছিলেন বাবিল খান ও অমৃত জয়ন।

নিয়মিত অভিনয় না করলেও সিনেমার বাইরে ব্যবসা, বিশেষ করে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ ও অংশীদারত্ব জুহি চাওলার সম্পদের অন্যতম বড় ভিত্তি হয়ে উঠেছে। অভিনয়জীবনের পরিচিতিকে কাজে লাগিয়ে ব্যবসার জগতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

LEAVE A REPLY