সংগৃহীত ছবি
সুখী জীবন বলতে আমরা সাধারণত আনন্দ, হাসি আর দুশ্চিন্তামুক্ত সময়কে বুঝি। কিন্তু জীবনের ভালো থাকার ধারণা এতটা সরল নয়।মনোবিজ্ঞানের গবেষণা বলছে, একটি অর্থপূর্ণ ও পরিপূর্ণ জীবনে আনন্দের পাশাপাশি দুঃখ, কষ্ট, চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত বিকাশেরও জায়গা রয়েছে। অর্থাৎ, ভালো জীবন মানেই প্রতিটি মুহূর্তে ভালো লাগতে হবে—এমন নয়।
সম্প্রতি মনোবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে সুখ ও মানসিক সুস্থতা নিয়ে এমন পাঁচটি প্রচলিত ধারণার বাইরে থাকা বিষয় তুলে ধরা হয়েছে। নিবন্ধে নরওয়ের আর্কটিক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক জোয়ার ভিতেরসোর গবেষণা ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।চার দশকের বেশি সময় ধরে তিনি মানুষের ভালো থাকা বা ওয়েলবিইং নিয়ে গবেষণা করছেন।
ভিতেরসোর মতে, ভালো থাকার সবচেয়ে সংক্ষিপ্ত সংজ্ঞা হলো নিজের জীবনকে ভালো লাগা। তবে এই ভালো লাগার দুটি দিক রয়েছে। একটি হলো আনন্দ, সুখ ও তৃপ্তি থেকে পাওয়া ভালো লাগা।অন্যটি হলো জীবনে বেড়ে ওঠা, নতুন কিছু শেখা এবং আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ থেকে পাওয়া তৃপ্তি। তাই শুধু আনন্দের মুহূর্ত দিয়ে জীবনের সামগ্রিক ভালো থাকা বিচার করা যায় না।
১. ভালো জীবন মানেই দুঃখহীন জীবন নয়
আদর্শ জীবনে কতটা দুঃখ থাকতে পারে—এমন প্রশ্ন করা হলে খুব কম মানুষই বলেন, একেবারেই দুঃখ চান না। বরং অনেকে মনে করেন, তাঁদের কাঙ্ক্ষিত জীবনে সামান্য হলেও দুঃখের জায়গা থাকা স্বাভাবিক।
কারণ, সব পরিস্থিতিতে আনন্দিত থাকা সম্ভব নয়, এমনকি সব সময় আনন্দিত থাকাও উপযুক্ত প্রতিক্রিয়া নয়।ব্যথার মতো নেতিবাচক অনুভূতিও আমাদের জন্য প্রয়োজনীয়। শরীরের কোথাও আঘাত লাগলে ব্যথা আমাদের সতর্ক করে এবং সমস্যা সমাধানে উদ্যোগী হতে সাহায্য করে।
একইভাবে জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন কিংবা অর্থপূর্ণ সম্পর্ক ধরে রাখতেও পরিশ্রম করতে হয়, নানা বাধার মুখোমুখি হতে হয়। তাই ভালো জীবন মানে সব নেতিবাচক অনুভূতি দূর করে দেওয়া নয়; বরং বিভিন্ন আবেগের মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নেওয়া।
২. নিজের মূল্যবোধ পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে
মানুষের জীবনে অনেক ধরনের মূল্যবোধ থাকে। কিন্তু সব মূল্যবোধকে সব সময় সমান গুরুত্ব দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তা বদলে যায়।
যেমন, কেউ কাজের মধ্যে ব্যস্ত থাকলেও সন্তানের কান্না শুনলে কিংবা আগুনের সতর্কসংকেত বাজলে মুহূর্তেই তার অগ্রাধিকার বদলে যেতে পারে। অর্থাৎ, পরিস্থিতি অনুযায়ী মানুষের মূল্যবোধের গুরুত্ব নতুন করে সাজানো হয়।
তবে নিজের মূল্যবোধের প্রতি সচেতন থাকা জরুরি। বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বশে নিজের নৈতিক অবস্থান থেকে সরে যাওয়ার আশঙ্কা থাকলে কোন বিষয়গুলোকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ মনে করি, তা ভেবে দেখা প্রয়োজন।
৩. নিজের জীবন নিয়ে সন্তুষ্টি দ্রুতই বিচার করতে পারি
জীবনের সামগ্রিক সন্তুষ্টি নিয়ে প্রশ্ন করা হলে বেশির ভাগ মানুষই অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারেন। অথচ দৈনন্দিন জীবনের ছোটখাটো সিদ্ধান্ত, যেমন কোন পোশাকটি কেনা উচিত, তা নিতেও অনেক সময় দ্বিধায় পড়তে হয়।
গবেষক ভিতেরসোর ব্যাখ্যা অনুযায়ী, জীবনের ভালো-মন্দ সম্পর্কে মানুষের একটি স্বতঃস্ফূর্ত মূল্যায়ন করার ক্ষমতা রয়েছে। বিপদের মুহূর্তে দীর্ঘ সময় চিন্তা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকেই এমন ক্ষমতার বিকাশ ঘটেছে বলে তিনি মনে করেন।
তবে জীবনের সামগ্রিক সন্তুষ্টির এই মূল্যায়ন সব গুরুত্বপূর্ণ বিষয়কে সমানভাবে তুলে ধরে না। ফলে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির একটি দ্রুত উত্তর পাওয়া গেলেও সেটিই জীবনের সব দিকের পূর্ণ চিত্র নয়।
৪. ভালো মানুষ হওয়াকে সুখী হওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিই
গবেষক ভিতেরসো অন্তত ১৫টি পৃথক গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে জানতে চেয়েছেন, একজন নৈতিকভাবে ভালো মানুষ হওয়া নাকি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা—কোনটি তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
প্রতিটি গবেষণাতেই ৮০ থেকে ৯০ শতাংশ অংশগ্রহণকারী নৈতিকভাবে ভালো মানুষ হওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে নিজের আদর্শ আচরণ ও বাস্তব আচরণের মধ্যে অনেকেরই পার্থক্য রয়েছে।
গবেষকের পর্যবেক্ষণ অনুযায়ী, এই পার্থক্য জীবনের সন্তুষ্টিতে খুব বেশি প্রভাব ফেলে না। তবে আনন্দ বা সুখ পাওয়ার ক্ষেত্রে প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান মানুষকে বেশি প্রভাবিত করে।
এর একটি ব্যাখ্যা হতে পারে, জীবনের সন্তুষ্টি নিয়ে মানুষ অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে ভালো-মন্দের বিচার করে। অন্যদিকে নৈতিকতা নিয়ে সিদ্ধান্ত নিতে হলে সঠিক ও ভুলের বিষয়টি নিয়ে চিন্তা করতে হয়। ফলে নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ মনে করলেও তা সব সময় জীবনের সন্তুষ্টির মূল্যায়নে সমানভাবে প্রতিফলিত হয় না।
৫. সুখী জীবন পরিমাপ করা যতটা সহজ মনে হয়, ততটা নয়
মানুষ কতটা আনন্দিত বা সন্তুষ্ট, তা প্রশ্নের মাধ্যমে জানা তুলনামূলক সহজ। কিন্তু একটি ভালো জীবনের সব দিক পরিমাপ করা কঠিন।
কারণ, ভালো থাকার মধ্যে শুধু আনন্দ ও সুখ নয়, ব্যক্তিগত বিকাশ, নিজের সক্ষমতা বাড়ানো এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয়ও রয়েছে। মনোবিজ্ঞানে এই দিককে বলা হয় ‘ইউডাইমোনিক ওয়েলবিইং’। অন্যদিকে আনন্দ ও তৃপ্তির সঙ্গে সম্পর্কিত দিকটি হলো ‘হেডোনিক ওয়েলবিইং’।
গবেষকের মতে, ভালো জীবন বুঝতে হলে এই দুটি দিকই বিবেচনায় নিতে হবে। শুধু মানুষ কতটা আনন্দিত, তা জানলেই তার জীবনের সামগ্রিক ভালো থাকা সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যায় না।
সুখী জীবন মানে প্রতিটি দিন আনন্দে কাটানো নয়। জীবনের কঠিন সময়, নেতিবাচক অনুভূতি, নৈতিক সিদ্ধান্ত এবং নিজেকে বিকশিত করার সুযোগ—সবকিছু মিলিয়েই তৈরি হয় ভালো থাকার অভিজ্ঞতা।










































