প্রচণ্ড দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এ গরমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এখানে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টায় ৪০ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ। এটাই এ বছরের সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ৬ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে তাপপ্রবাহের কারণে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চলমান তাপপ্রবাহের কারণে কৃষকদের পরামর্শ দিয়ে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, তাপপ্রবাহের ক্ষতি থেকে ধান রক্ষার জন্য ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখুন। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তাই অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। এদিকে তীব্র গরমে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। বাইরে কড়া রোদ থেকে বাঁচতে অনেকেই গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। কেউ বা আবার লেবুর শরবত খেয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। কেউ কেউ প্রচণ্ড গরমে ডাব খাচ্ছেন।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক জাহিদ হোসেন বলেন, বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি আরও পাঁচ দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ তাপপ্রবাহ আরও বাড়তে পারে।










































