বিজেপির করা মানহানির মামলায় রাহুল গান্ধীর জামিন

রাহুল গান্ধী। ফাইল ছবি : এএফপি

একটি মানহানির মামলায় ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জামিন পেলেন। শুক্রবার (৭ জুন) একটি ভারতীয় আদালত এ রায় দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় এসব মামলা হয়েছিল।

৫৩ বছর বয়সী রাহুল গান্ধীর বিরুদ্ধে অনেক মামলা করেছিলেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা।

গত বছর মানহানির অভিযোগে তার সংসদ সদস্য পদও খারিজ হয়েছিল। বিজেপি অনেকের বিরুদ্ধেই এমন মামলা দিয়েছে। তার মধ্যে রাহুল একজন। রাহুলের বিরুদ্ধে মামলাটি করেছিল কর্ণাটক বিজেপি।

গত বছর সে রাজ্যে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেখানকার বিজেপি সরকার বড় মাত্রার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এএফপিকে বলেন, এদিন রাহুল মুক্ত থাকবেন কি না তা জানার জন্য পাঁচ মিনিটের শুনানি হয়। পরে তাকে জামিন দেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে কর্ণাটক রাজ্যে কংগ্রেসের অন্য দুই জ্যেষ্ঠ সদস্য জামিন পেয়েছেন। তাদের কেউই কারাগারে ছিলেন না।

গত বছর ২০২৩ সালে গুজরাটে একটি পৃথক মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু শীর্ষ আদালতে আপিল করার পর তাকে আর জেলে যেতে হয়নি। যদিও অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তার সংসদ সদস্য পদ খারিজ করা হয়েছিল।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে ভরার জন্য বিচারব্যবস্থাকে ব্যবহার করেছে মোদি ও তার দল—অনেকেই এমন অভিযোগ করেছেন। মার্কিন থিংকট্যাংক ফ্রিডম হাউসের মতে, রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে বিজেপি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বছর কারাগারে বন্দি হয়েছিলেন। গত মাসে কিছু দিনের জন্য জামিন দেওয়া হয়েছিল তাকে, যাতে তিনি নির্বাচনী প্রচারণা চালাতে পারেন। ভোট শেষ হওয়ার পর আবার কারাগারে ফিরে যান কেজরিওয়াল।

সূত্র : এএফপি

LEAVE A REPLY