গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরাইলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। যার অংশ হিসেবে বৃহস্পতিবার তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।
প্রেস টিভির বরাতে মেহের নিউজ জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ পুরোপুরি না তুলে না নেওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে ইয়েমেন তার অভিযান চালিয়ে যাবে।
তিনি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরাইল ইয়েমেনের ওপর কোনো ধরনের হামলা চালায়, তাহলে ইয়েমেনও উপযুক্ত প্রতিশোধমূলক হামলা চালাবে। যার মধ্যে অন্যতম হলো- বেন গুরিয়ন বিমানবন্দর থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা।
ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেন একটি কৌশলগত নৌ ও আকাশপথ অবরোধ আরোপ করেছে। যাতে করে ইসরাইলের কাছে সামরিক সরঞ্জাম পাঠানো বন্ধ করা যায় এবং গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের মনোযোগ আনা যায়।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযানের গতি বৃদ্ধি করে ইসরাইলের অধিকৃত ভূখণ্ডের গভীরে হামলা চালাবে। এই অভিযান চলবে যতদিন না ইসরাইল তার সামরিক আগ্রাসন বন্ধ করে এবং গাজার ওপর চাপানো কঠোর অবরোধ পুরোপুরি তুলে নেয়।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন কোনোভাবেই তার অভিযান থেকে পিছপা হবে না।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় যুদ্ধ তীব্র হওয়ার পর ইয়েমেন আকাশপথ ও সমুদ্রপথে কৌশলগত অবরোধ আরোপ করে। যাতে ইসরাইল সামরিক সহায়তা পেতে না পারে এবং মানবিক সংকটে আন্তর্জাতিক সমাজ সক্রিয় হয়।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, যতদিন ইসরাইল গাজায় স্থল ও বিমান অভিযান বন্ধ না করে, তারাও তাদের হামলা বন্ধ করবে না।










































