সংগৃহীত ছবি
আমাদের শরীরের ভেতরে অবিরাম কাজ করে চলেছে ছোট এক প্রোটিন—হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকায় থাকা এই উপাদানটি ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছে দেয় এবং বিনিময়ে শরীর থেকে কার্বন ডাই-অক্সাইড বের করে আনতে সাহায্য করে।কিন্তু শরীরে এই হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেই দেখা দিতে পারে নানা জটিলতা, যার মূল পরিণতি হলো অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা।
শরীরে হিমোগ্লোবিন কমলে যেসব লক্ষণ প্রকাশ পায়
১। ক্রমাগত ক্লান্তি ও দুর্বলতা অনুভব হওয়া।
২।সামান্য পরিশ্রমে বা বিশ্রামেও শ্বাসকষ্ট হওয়া।
৩। ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া এবং হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়া।
৪।হৃদস্পন্দন দ্রুত বা অনিয়মিত হওয়া।
৫। মাথা ঘোরানো বা হালকা মাথা ব্যথা করা।
৬। বুকে ব্যথা বা নখ ভঙ্গুর হয়ে যাওয়া এবং চুল পড়া।
৭। অতিরিক্ত ঠাণ্ডা লাগার অনুভূতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া।
হিমোগ্লোবিন কেন কমে যায়
মূলত আয়রন বা নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব হিমোগ্লোবিন কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ। এ ছাড়া কিডনি বা লিভারের দীর্ঘস্থায়ী রোগ, থ্যালাসেমিয়া বা সিকেল সেল ডিজিজের মতো বংশগত সমস্যা কিংবা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগগুলোও হিমোগ্লোবিন উৎপাদনে বাধা সৃষ্টি করে।
প্রাকৃতিকভাবে হিমোগ্লোবিন বাড়াতে যেসব খাবার খাবেন
সুষম খাবার গ্রহণের মাধ্যমে প্রাকৃতিকভাবেই হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব:
সবুজ শাকসবজি: পালং শাক, কেল ও ব্রকলির মতো শাকে রয়েছে প্রচুর আয়রন ও ফোলেট। এর সঙ্গে লেবু বা কমলার মতো ভিটামিন সি যুক্ত খাবার খেলে শরীর সহজেই সেই আয়রন শোষণ করতে পারে।
ডাল ও শিম জাতীয় শস্য: মসুর ডাল, ছোলা এবং রাজমা উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন ও আয়রনের চমৎকার উৎস, যা হজমেও সহায়তা করে।
লাল মাংস ও সামুদ্রিক খাবার: গরুর বা খাসির মাংসের চর্বিহীন অংশ কিংবা স্যামন ও সার্ডিনের মতো মাছে পর্যাপ্ত ‘হিম আয়রন’ ও ভিটামিন বি১২ থাকে, যা রক্ত তৈরিতে সাহায্য করে।
বাদাম ও বীজ: কাঠবাদাম, আখরোট, তিসি ও কুমড়োর বীজ দিয়ে তৈরি হালকা স্ন্যাকস শরীরের প্রয়োজনীয় খনিজের চাহিদা মেটাতে দারুণ কার্যকরী।
ফলমূল: ডালিম, আপেল ও লেবুজাতীয় ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি হিমোগ্লোবিন সংশ্লেষণে সাহায্য করে।
দৈনন্দিন জীবনে কিছু ছোট পরিবর্তন
খাবারের পাশাপাশি জীবনযাত্রায় কিছু সহজ অভ্যাস গড়ে তুললে উপকার পাওয়া যায়। যেমন—খাবারের সময় চা, কফি বা ক্যালসিয়াম সমৃদ্ধ দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা (কারণ এগুলো আয়রন শোষণে বাধা দেয়), লোহার কড়াইয়ে রান্না করা, শরীরে পর্যাপ্ত পানির জোগান রাখা এবং প্রোবায়োটিক-সমৃদ্ধ খাবারের মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা। এ ছাড়া নিয়মিত হালকা ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও সার্বিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।











































