অ্যালেনের রেকর্ডভাঙা ইনিংস, ভাঙলেন গেইলের রেকর্ডও

৫১ বলে ১৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ফিন অ্যালেন।

নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলে ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৫১ বলে ১৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই কিউই ওপেনার।

স্ট্রাইক রেট ছিল ২৯৬-এরও বেশি। ৫টি চারের সঙ্গে ১৯টি ছক্কা হাঁকান অ্যালেন।

তার এই ইনিংস ছিল ওয়াশিংটন ফ্রিডম বোলারদের উপহার দিয়েছে এক দুঃস্বপ্নের রাত।

এই ম্যাচেই অ্যালেন গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড। মাত্র ৪৯ বলে তিনি পূরণ করেন ১৫০ রান। এর আগে ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি কিউই ক্রিকেট ইতিহাসে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক হন এবং মেজর লিগ ক্রিকেটের ইতিহাসেও এটি হয়ে যায় দ্রুততম সেঞ্চুরি।

চমক এখানেই শেষ নয়। অ্যালেন ১৯টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্রিস গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের এক যৌথ রেকর্ড ( ইনিংসে সর্বোচ্চ ছক্কা)। দুইজনেরই রেকর্ড ছিল ১৮টি করে ছক্কার। অ্যালেন সেই রেকর্ডকে ছাড়িয়ে যান এক ধাপ ওপরে গিয়ে।

ম্যাচ শেষে ফিন অ্যালেন বলেন, ‘দারুণ এক অনুভূতি। (মেজর লিগে দ্রুততম সেঞ্চুরি করার পর) দারুণ একটা শুরু হলো। নিয়মিত বাউন্ডারি পাচ্ছিলাম, কয়েকটি ভালো পার্টনারশিপও হয়েছে, ফলে আমরা একটা বড় স্কোর দাঁড় করাতে পেরেছি। মাঠের বাউন্ডারিগুলোও যথেষ্ট বড়।’

তবে এই দুরন্ত পারফরম্যান্সের ঠিক ছয় মাস আগেই হতাশাজনক এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন অ্যালেন।আইপিএলের গেল নিলামে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে নাম লেখালেও কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। তিনি ছিলেন ‘আনসোল্ড’ প্লেয়ারদের তালিকায়।

LEAVE A REPLY