স্ত্রীর সঙ্গে আবীর (বামে) ও ঋতাভরী চক্রবর্তী (ডানে)
টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি। একের পর এক দুর্দান্ত সিনেমায় দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছেন নন্দিনী চ্যাটার্জিকে। নন্দিনী উচ্চশিক্ষিত, উচ্চপদস্থ।
তা সত্ত্বেও বারেবার তার বাহ্যিক রূপ নিয়ে চর্চা হয় নেটিজেনদের মাঝে। আবীরের সঙ্গে মোটেও মানায়নি নন্দিনীকে, এমন মন্তব্য ঘুরপাক খায় প্রায়ই। কটাক্ষও ধেয়ে আসে অনেক। যদিও আবির-নন্দিনী কখনো এসব কটাক্ষা গায়ে মাখেন না।
তবে এবার সেই একইরকম আলোচনায় আবির-নন্দিনীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে হাজির ছিলেন আবির ও নন্দিনী। সেই ভিডিওই প্রকাশ পেয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এরকমই এক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয় নন্দিনীকে ঘিরে চর্চা।
সামাজিক মাধ্যমে একের পর এক মন্তব্যে নন্দিনীর রূপ নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। বিষয়গুলো দেখে আর চুপ থাকেননি ঋতাভরী। ওই ভিডিওরই কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘আমরা কেন যে ‘ফাটাফাটি’ ছবিটা বানিয়েছিলাম, এই কমেন্ট সেকশনই তা বলে দিচ্ছে।’
পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ফাটাফাটি ছবিতে অভিনয় করেছিলেন ঋতাভরী। বিপরীতে ছিলেন আবির।
‘মোটাদের জন্য ফ্যাশন নয়’, ‘আর কত খাবি’, ‘স্টেজে উঠলে ভেঙে যাবে’ — ইত্যাদি নানা সমালোচনার বিরুদ্ধেই আওয়াজ তুলেছিল এই ছবি। বার্তা দিয়েছিল, ‘বডি পজেটিভিটির’।
ঋতাভরীকে একজন মনে করিয়ে দেন, কমেন্ট সেকশনে পুরুষদের থেকে বেশি মহিলারাই আবিরের স্ত্রীর শরীর নিয়ে নোংরা মন্তব্য করছেন। অভিনেত্রী যোগ করেন, ‘মেয়েরা লিখলেও ভুল। কারও অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে কাউকে বিচার করা উচিৎ নয়। যেই শরীর নিয়ে কাউকে বাঁচতে হচ্ছে না, তার সেই শরীর নিয়ে মতামত কেন ভাই।’ তার কথায়, ‘এই সমাজ একসময় সতীর নামে পুড়িয়েছে। পড়াশোনা করতে দেয়নি। কিন্তু সময় লাগলেও সম্বিত ফিরেছে। আশা করি, এ ক্ষেত্রেও মানুষের চৈতন্য হবে।’
‘
২০০৭ সালে আবির বিয়ে করেন নন্দিনী চ্যাটার্জিকে। তাদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চ্যাটার্জি। আবীরের স্ত্রী নন্দিনী সেভাবে টালিউডের কোনও পার্টিতে যান না। মাঝে মাঝে অবশ্য তাকে আবীরের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির ঘরোয়া পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায়। সাদামাটা সাজ, একগাল হাসি, এভাবেই দেখা যায় নন্দিনীকে বরাবর। টালিউডে যখন ক্রমেই সম্পর্কগুলির মধ্যে দুরত্ব বাড়ছে, তখন ১৬ বছর ধরে আবির-নন্দিনী চুটিয়ে সংসার করছেন।










































