মিশিগানের ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত অন্তত ১১

সংগৃহীত ছবি

আমেরিকার মিশিগানের ট্র্যাভার্স সিটির একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে গতকাল শনিবার (২৬ জুলাই) ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। হামলার তথ্য নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলের নিকটবর্তী মানসন মেডিক্যাল সেন্টার জানিয়েছে, ছুরিকাঘাতে আহতদের মধ্যে অন্তত তিনজনের অস্ত্রোপচার চলছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ওয়ালমার্টের পার্কিং লটে একাধিক পুলিশ ও অ্যাম্বুল্যান্স ইউনিটকে দেখা গেছে।

গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ওয়ালমার্টের ওই দোকানে ছুরিকাঘাতের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছেন তারা। 

শেরিফ মাইকেল শিয়া বলেন, ‘সন্দেহভাজন মিশিগানের ওই বাসিন্দা একটি ‘পকেট নাইফ’ জাতীয় একটি অস্ত্র ব্যবহার করেছেন।’ প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন সহিংসতা’ বলে মনে করা হচ্ছে।

এফবিআইয়ের সহকারী পরিচালক ড্যান বোঙ্গিনো জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে কাজ করছে ফেডারেল সংস্থাটি।

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঘটনায় আহত ব্যক্তি ও স্থানীয় জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY