ছেলেকে ‌‘নেপো কিড’ বলায় বিতর্কে আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান এ মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। নানা জায়গায় নানাভাবে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি আমির খান নিজেই জানিয়েছেন— মনে মনে গৌরীকে তিনি জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছেন। যদিও সাবেক দুই স্ত্রী ও সন্তানের সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘সিতারে জামিন পার’। ইতোমধ্যে সিনেমাহলে এ সিনেমাটি ভালো ব্যবসা করেছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে দর্শকরা এ সিনেমাটি দেখতে পারবেন। 

জানা গেছে, প্রেক্ষাগৃহে সাফল্যের পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছিলেন আমির খান। তার মূল উদ্দেশ্য ছিল— সিনেমাটি যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যায়। সে লক্ষ্যেই এবার ওটিটির পরিবর্তে ইউটিউব সিনেমা অন ডিমান্ডে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ইউটিউবে দর্শকরা ১০০ টাকায় দেখতে পাবেন ‘সিতারে জামিন পার’ । এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনসহ ৩৮ দেশে স্থানীয় মূল্যে সিনেমাটি দেখানো হচ্ছে। ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা এ প্ল্যাটফর্মে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আর এই অনলাইন রিলিজের প্রচারের জন্যই আমির বেছে নিলেন অভিনব এক উপায়— নিজের ছেলে জুনায়েদকে নিয়ে একটি স্কিট ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেন। সেখানেই দেখা যায়, বড় ছেলে জুনায়েদকে প্রকাশ্যে ‘নেপো কিড’ বলে ধমক দিলেন আমির খান। আর নেটিজেনরাও ভাবতে থাকলেন, তাহলে কি বাবার বিরাগভাজন হয়ে উঠলেন জুনায়েদ?

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনের শুরুতেই আমির খান বাড়িতে ঢুকেই দেখতে পান— একজন বাড়িতে বসেই ‘সিতারে জামিন পার’ দেখছেন। এ দৃশ্য দেখে অভিনেতা ভীষণ রেগে যান। তারপর ওই ব্যক্তির থেকে তিনি শুনতে পান— এই পুরো ব্যাপারটাই জুনায়েদের মাথা থেকে এসেছে। তাতেই বেশ খানিকটা রেগে আমির ঘরে ঢুকে ছেলেকে বকাবকি করতে শুরু করেন। 

জুনায়েদ বাবাকে শান্ত করতে গেলে তখনই আমির নিজের দুটি ব্যর্থ সিনেমার নাম মনে করিয়ে দেন ছেলেকে। এরপরেই জুনায়েদ বাবাকে তার ওপর ভরসা রাখতে বলেন। কপট রাগ দেখিয়ে আমির ছেলেকে— ‘নেপো কিড’ বলে সম্বোধন করেন। 

তবে এটি নিছকই অভিনয়। এ কৌশলে হাস্যরসের মাধ্যমে নিজের সিনেমার প্রচার সারলেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। কিন্তু নেটিজেনদের ধারণা— ভিডিওটির মধ্য দিয়ে স্পষ্ট এক ব্যক্তিগত ইঙ্গিতও রেখে দিয়েছেন অভিনেতা। ছেলে জুনায়েদকে নিয়ে হয়তো কোথাও এক ধরনের অস্বস্তিও অনুভব করছেন আমির খান। তবে প্রচার কৌশলেই এমন কথা ব্যবহার করা হলেও তা যে দারুণ সফল হয়েছে, তা বলার বাকি রাখে না।

LEAVE A REPLY