সুর্যকুমার যাদব।
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদবের ব্যাটিং আবারও হতাশাজনক প্রতিফলন দেখাল। ভারতের অভিজ্ঞ এই ব্যাটার গত বছরের জুলাইয়ে পাকাপাকিভাবে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব গ্রহণের পর থেকে কঠিন সময় পার করছেন।
অধিনায়কত্ব গ্রহণের পর সুর্যকুমারের ব্যাটিং ফর্ম উল্লেখযোগ্যভাবে পতন ঘটেছে। অধিনায়ক হিসেবে ২১ ম্যাচে ১৯ ইনিংসে তিনি মাত্র ৩২৯ রান করেছেন, গড় ১৯.৩৫ এবং স্ট্রাইক রেট ১৪৫।
এই ১৯ ইনিংসে দুটি অর্ধশতকই তার সেরা পারফরম্যান্স। এর মধ্যে মাত্র ছয়বারই তিনি ২০ রানের গণ্ডি পার করতে পেরেছেন। সব মিলিয়ে ২৮ ম্যাচে অধিনায়কত্ব করে ৪ ফিফটি ১ সেঞ্চুরিতে ৬২৯ রান করেছেন।
২০২৫ সালের পারফরম্যান্স আরো হতাশাজনক।
১০ ইনিংসে তিনি মাত্র ৯৯ রান করেছেন, গড় ১২.৩৭ এবং স্ট্রাইক রেট ১১০। চলমান এশিয়া কাপেও পাঁচ ইনিংসে মাত্র ৭১ রান করেছেন, গড় ২৩.৬৬ এবং স্ট্রাইক রেট সামান্য ১০০-এর ওপরে।
অথচ অধিনায়কত্ব ছাড়া ৬১ ম্যাচের ৫৮ ইনিংসে তার রান ২০৪০, গড় ৪৩.৪০। এর মধ্যে তিনটি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চরি রয়েছে তার।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ১২ রানে আউট হন সুর্যকুমার। ওয়ানিন্দু হাসারাঙ্গারার বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি। সুইপ শট খেলতে গিয়ে বল সরাসরি ব্যাটের নিচ দিয়ে তার পায়ে লাগে।
বিশেষজ্ঞরা মনে করছেন, অধিনায়কত্বের চাপ এবং ধারাবাহিক খেলার কারণে সুর্যকুমারের ব্যাটিং ফর্ম ক্ষুণ্ণ হচ্ছে। এশিয়া কাপ চলাকালীন তার এই পারফরম্যান্স ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে।










































