দীর্ঘ আট বছর পর ঘরের মাঠে বসছে কোনো বড় টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।ঘরের মাঠে ২৩ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ঘরের মাঠে দীর্ঘ ট্রফি খরা কাটানোর লক্ষ্য আকাশকুসুম কল্পনা নয় জানিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি বলেছেন, প্রত্যাশার চাপ থাকবেই সেটিকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে ডুলির সাথে হাজির হয়েছিলোন বাংলাদেশের রক্ষণভাগের ভরসা তপু বর্মন।
ডুলি বলেন, ‘জীবনে আপনার যত লক্ষ্য আছে, সেগুলো বাস্তবসম্মত হতে হবে। আমি মনে করি, এই টুর্নামেন্টে ২৩ বছর পর শিরোপা জেতাটা আমাদের এই দলের জন্য একটা বাস্তবসম্মত লক্ষ্য। আর সেটা অর্জিত হবে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে খেলা এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মধ্য দিয়ে।’
আসিয়ান কাপে শক্তিশালী দলের বিপক্ষে খেলার কঠিন অভিজ্ঞতা এই টুর্নামেন্টে কাজে লাগবে বলে যোগ করেন তিনি।
প্রস্তুতি ম্যাচ তপুর না খেলা প্রসঙ্গে তিনি সরাসরি জানান, ‘তপু শতভাগ ফিট ছিল না, আরও কয়েকজনের ছোটখাটো সমস্যা ছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি বলেই কোনো ম্যাচ খেলিনি, কারণ টুর্নামেন্টে আমাদের প্রতিটি খেলোয়াড়কে সুস্থ অবস্থায় দরকার।’









































