সংগৃহীত ছবি
দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আন্দ্রে বোচারভ।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বৃহস্পতিবার তিনি জানান, হামলায় একটি ২৪ তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বারান্দা ভেঙে পড়ে এবং পাশের বাড়িগুলোর জানালা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
গভর্নর বলেন, ‘৪৮ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তি হামলার সময় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে নিহত হয়েছেন।
’
তিনি আরো জানান, ‘পড়ে যাওয়া ধ্বংসাবশেষের কারণে ক্রাসনোআর্মেইস্কি জেলার একটি শিল্প এলাকায় আগুন ধরে যায়, তবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ভলগোগ্রাদ অঞ্চল রুশ-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রে রাশিয়ার গ্যাস ও পেট্রোলিয়াম পরিশোধন কারখানা রয়েছে।
সম্প্রতি ইউক্রেন রুশ ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে।এই হামলার ফলে রাশিয়ায় জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসের শুরুতে ক্রাসনোদার অঞ্চলে একটি তেল শোধনাগার, একটি তেল টার্মিনাল এবং রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি গোলাবারুদ ডিপোতে হামলা করেছে ইউক্রেন।
অন্যদিকে, মস্কোও পাল্টা আক্রমণ জোরদার করেছে। তারা ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও রেলপথে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।











































