ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়ানোর গুঞ্জন দৃঢ়ভাবে নাকচ করলেন ফ্লুমিনেন্সের সভাপতি মারিও বিটেনকুর্ট। ব্রাজিলের ফুটবল অঙ্গনে বেশ কয়েকদিন ধরে চলা আলোচনা-সমালোচনার পর নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, নেইমার বা তার প্রতিনিধিদের সঙ্গে ক্লাবের কোনো ধরনের যোগাযোগ হয়নি।
ফ্লুমিনেন্সের ফিজিওপ্রধান নিলটন পেত্রোনে (ফিলে) এক পডকাস্টে নেইমারকে ‘ব্রাজিলিয়ান ফুটবলের শেষ প্রতিভা’ অভিহিত করায় এই গুঞ্জন আরো জোরালো হয়। একই সময়ে ফ্লুমিনেন্স ডিফেন্ডার থিয়াগো সিলভা নাকি নেইমারকে দলে আনার ব্যাপারে ক্লাবকে উৎসাহ দিচ্ছেন, এমন খবরও ছড়িয়ে পড়ে।
এর আগে ক্লাব বিশ্বকাপ উপলক্ষে স্বল্প সময়ের জন্য নেইমারকে ফ্লুমিনেন্সে আনার পরিকল্পনা করা হয়েছিল। নেইমারও নিজে স্বীকার করেছিলেন যে চুক্তিটি ‘প্রায় সম্পন্ন’ হওয়ার পথে ছিল। তবে শেষমেশ সান্তোসেই থাকার সিদ্ধান্ত নেন তিনি।
ফ্লুমিনেন্সে সভাপতি বিটেনকুর্ট বলেন, ‘নেইমারকে নিয়ে সম্প্রতি কোনো যোগাযোগ হয়নি।সান্তোসের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। ক্লাব ও খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান লিগের বাকি ম্যাচগুলোতে সফলতার লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগী’
আল-হিলাল থেকে ইনজুরি-জর্জরিত সময় শেষ করে নেইমারের সান্তোসে ফেরা ছিল বিশ্বকাপ দলে ফেরার লক্ষ্য পূরণের জন্য। কিন্তু নতুন চোট ও ছন্দহীন ফর্মে সেই স্বপ্ন এখন আরো কঠিন হয়ে উঠছে। সান্তোসে ফিরে ২৫ ম্যাচে নেইমারের গোল মাত্র ৬, অ্যাসিস্ট ৩।আগস্টের পর তিনি আর কোনো গোল পাননি। লিগে অবনমন অঞ্চলে অবস্থান করায় সান্তোসও কঠিন সময় পার করছে।
নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত, সঙ্গে রয়েছে আরো ছয় মাস বাড়ানোর অপশন। তবে সান্তোস যদি অবনমন এড়াতে ব্যর্থ হয়, তাহলে চুক্তি বাড়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে।









































