দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংলিশ তারকা

ইংল্যান্ডের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডধারী তারকা ব্যাটার জ্যাকব বেথেল। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাকব বেথেল। পুরোনো হাঁটুর চোট জেঁকে বসায় লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে এই অর্থোডক্স স্পিন অলরাউন্ডারকে।এই জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে লর্ডসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৯১ রান করার সময় ডান হাঁটুতে ব্যথা পান বেথেল। এরপর থেকে ইংল্যান্ডের হয়ে আর কোনো ম্যাচ খেলতে পারেনি তিনি।

এদিকে গেল সেপ্টেম্বরে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়।শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ায় তার ফেরার কথা ছিল।

কিন্তু চলতি সপ্তাহের শুরুতে অনুশীলন করার সময় তিনি আবারও চোট পান। এনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অংশ নিতে পারেনি। তাই এই চোট কতটা গুরুতর হাঁটুর স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য তিনি এখন দেশে ফিরে যাচ্ছেন।

এটি বেথেলের নিজের জন্যও বড় ধাক্কা। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের শেষ টেস্টে তার ১৫৪ রানের ইনিংসটি ছিল ইংল্যান্ডের ব্যর্থ সফরের অন্যতম সেরা প্রাপ্তি। সেই ছন্দ ধরে রাখার বদলে হাঁটুর চোটে তার ক্যারিয়ার থমকে গেছে।

তিন সংস্করণেই বেথেল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল। দীর্ঘ সময় ধরে তার মাঠের বাইরে থাকাটা ইংল্যান্ডের জন্য বড় চিন্তার কারণ।গত সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্টের জন্য ঘোষিত দলে ওয়ারউইকশায়ারের এই ব্যাটারকে রাখা হয়েছিল।

তার বদলি হিসেবে সাসেক্সের অলরাউন্ডার জেমস কোলসকে ডেকেছে ইংল্যান্ড। এছাড়া আঙুলের চোটে আগে ছিটকে যাওয়া জশ টাঙ্গের জায়গায় ওয়ানডে দলে নেওয়া হয়েছে নতুন পেসার এডি জ্যাককে।

অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এরপর ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় শুরু হবে টেস্ট সিরিজ।

দল ঘোষণার সময় নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছিলেন, ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারানো একাদশ থেকে কাকে বাদ দিয়ে বেথেলকে খেলানো হবে তা তারা ঠিক করতে পারেননি।

পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে ওপেনার এমিলিও গে এবং তিন নম্বরে জর্ডান কক্স সুযোগ পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় একাদশে বেথেলকে জায়গা দিতে গেলে তাদের যেকোনো একজনকে বাদ পড়তে হতো।

এখন গে এবং কক্স দুজনই টেস্ট দলে নিজেদের জায়গা পাকা করার আরো সুযোগ পেতে পারেন।

গ্রীষ্মে বেথেলের অনুপস্থিতিতে অতিরিক্ত ব্যাটার হিসেবে অলি পোপকে টেস্ট দলে ফেরানো হয়েছিল।

টেস্ট সিরিজের সময়ই ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে পোপের দক্ষিণ আফ্রিকায় থাকার কথা রয়েছে। তাই বেথেল ছিটকে গেলে সারের এই ব্যাটার মূল দলে ডাক পাওয়ার জোরালো দাবিদার।

এছাড়া ইংল্যান্ড লায়ন্সের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ ফর্মে থাকা জেমস রিউ এবং ডারহামের ওপেনার বেন ম্যাককিনিও বিকল্প হিসেবে বিবেচনায় থাকবেন।

অস্ট্রেলিয়ায় প্রথম ওয়ানডের আগে বিবিসি স্পোর্টকে টেস্ট অধিনায়ক জো রুট বলেন, ‘জ্যাকবের জন্য বিষয়টি হতাশার। আমি এর চেয়ে বেশি কিছু জানি না। তবে সে কতটা পরিশ্রম করে এবং ফিট হতে কী কী করেছে তা আমার জানা আছে। আশা করি চোটটি খুব গুরুতর নয় এবং তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে না বলে যোগ করেন তিনি।

LEAVE A REPLY