কুমার সাঙ্গাকারা
আইপিএল ২০২৬ মৌসুমকে ঘিরে ব্যাপক পরিবর্তনের পথে হাঁটল রাজস্থান রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা নতুন মৌসুমে দলের প্রধান কোচ ও ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত মৌসুমের শেষে দায়িত্ব ছাড়ার পর রাহুল দ্রাবিড়ের জায়গায় আসছেন সাঙ্গাকারা। নতুন কোচের অধীনে দলকে শক্তিশালী করতে সাপোর্ট স্টাফেও বড় পরিবর্তন এনেছে রাজস্থান।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে রাজস্থান রয়্যালস জানায়, আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচ এবং ডিরেক্টর অব ক্রিকেট হিসে দায়িত্ব পালন করবেন সাঙ্গাকারা। এর সঙ্গে কোচিং স্টাফেও আনা হয়েছে ব্যাপক রদবদল। সাবেক ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে অ্যাসিস্ট্যান্ট কোচ করা হয়েছে। নিউজিল্যান্ডের সাবেক তারকা শেন বন্ড আগের মতোই বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।
ট্রেভর পেনি আবারও সহকারী কোচ হিসেবে ফিরেছেন এবং সিড লাহিড়ি থাকছেন দলের পারফরম্যান্স কোচ।
ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত ইউটিউব ভিডিওতে সাঙ্গাকারা বলেন, ‘দলের লক্ষ্য স্পষ্ট, আমরা আইপিএল জিততে চাই। খেলোয়াড়দের মধ্যে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে নতুন উদ্যম নিয়ে নামা, এগুলোই আমাদের মূল ফোকাস হবে।’











































