চরিত্রের ব্যক্তির চেয়ে তাকে উপস্থাপন গুরুত্বপূর্ণ

* সম্প্রতি আপনার অভিনীত ‘মেঘছায়া’ নামে একটি নাটক প্রকাশ হয়েছে। এটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?

** বেশ আগে নাটকটিতে শুটিং করলেও এটি মুক্তি পেতে একটু দেরি হয়েছে। এতে আমার সহশিল্পী ছিলেন সোহেল মন্ডল। নাটকটি ভিউয়ের দৌড়ে ততটা এগিয়ে না থাকলেও এটি নিয়ে আলোচনা হচ্ছে। ভক্ত-শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং দর্শকরা প্রশংসা করছেন। এটাই প্রাপ্তি।

* পুরোনো বা নতুন নায়ক, কার সঙ্গে জুটি বাঁধলে অভিনয়ে স্বস্তি পান?

** নতুনদের সঙ্গে কাজ করতেই আমি বেশি পছন্দ করি। কারণ আমিও তো নতুন। অনেক বেশি সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে অস্বস্তিতে না ভুগে নতুনদের সঙ্গে স্বস্তিতে যদি কাজ করা যায়, সেটির অ্যাচিভমেন্ট অনেক বেশি।

* কোন ধরনের গল্প ও চরিত্রে নিজেকে দেখার ইচ্ছা?

** গ্রামীণ প্রেক্ষাপটের ভিন্নধর্মী গল্পে কাজ করতে চাই। তাই গতানুগতিক গল্পের কাজ না করে এখন বেছে বেছে কাজ করছি। সাধারণ নারী চরিত্র করতে চাই, যেটি হবে পোড় খাওয়া দরিদ্র মেয়ে, পাগল ইত্যাদি। যে চরিত্রে চ্যালেঞ্জ থাকবে। নিজেকে আর গ্ল্যামার চরিত্রে উপস্থাপন করতে চাই না। দর্শক যদিও আমাকে এভাবেই দেখতে চায়। আমি আসলে এর থেকে বেরিয়ে আসতে চাই।

* নাচেও আপনি বেশ পারদর্শী, তবে এখন দেখা যায় না। অভিনয়ে মনোযোগ বাড়াতে গিয়ে কি নৃত্যচর্চা ছেড়ে দিচ্ছেন?

** নাচের প্রতি আমার যেমন দুর্বলতা রয়েছে, ঠিক তেমনি অভিনয়ের প্রতিও দুর্বলতা রয়েছে। দেশ-বিদেশের অনেক মঞ্চে পারফর্ম করেছি। সেটি করে আমি আনন্দ ও মানসিক শান্তি পেয়েছি। তবে এটি সত্যি, এখন আর নাচে আগের মতো সময় দিতে পারছি না। তারপরও নাচ থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। অভিনয়ের পাশাপাশি এটিও আমার সঙ্গে থাকবে সবসময়।

* সিনেমা কী আর করবেন না?

** সিনেমা আর করব না, এমন কথা আমি বলতে চাই না। ২০১৭ সালে ‘ধ্যাত্তেরিকি’ সিনেমা দিয়ে আমার অভিষেক। তখন বয়স অনেক কম থাকায় অভিনয়ের অনেক কিছুই আত্মস্থ করতে পারিনি। ক্যামেরার সামনে অভিনয় করতে গিয়ে আমার সেটি উপলব্ধি হয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম অভিনয় শিখেই বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়াব।

* ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসাবে কোন কাজটিকে দেখেন?

** এটা ঠিক যে আমরা জীবনে যা কিছু করি না কেন, তার জন্য দরকার একটা ব্রেক থ্রু। আমার ক্যারিয়ারে ‘ফিমেল-৩’ হলো সেই নাটক, যা আমাকে আলাদাভাবে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। এর থেকে এটাও প্রমাণিত হয়েছে যে, চরিত্রের ব্যক্তি ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তাকে উপস্থাপন করা। সে কারণে অভিনয়ে গল্প, চরিত্র ও নির্মাতাকে প্রাধান্য দিচ্ছি।

* বর্তমান ব্যস্ততা…

** নাটক নিয়েই বেশি ব্যস্ততা। পাশাপাশি বিজ্ঞাপনও করছি। সম্প্রতি নতুন দুটি বিজ্ঞাপন ও ‘মিসডকল’ নামে একটি নাটকের কাজ শেষ করেছি। এ ছাড়াও প্রায় অর্ধডজন নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY