সংগৃহীত ছবি
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ‘র’ এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালত দেওয়ানি সমন জারি করেছেন। এই সমনকে ‘বানানো ও বিদ্বেষপূর্ণ’ বলে উল্লেখ করেছে ভারত সরকার।তাদের অভিযোগ, একটা দাবির ওপর ভিত্তি করে দায়ের করা এটি ‘তুচ্ছ মামলা’।
ভারত সরকার দাবি করেছে, ‘খালিস্তানি সন্ত্রাসী’ গুরপতবন্ত সিং পান্নুনের এই আইনি কারসাজির কোনো ভিত্তি নেই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতে আইনি নথিপত্র বা সমন পাঠানোর অনুরোধ কেবল ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই পাঠানো সম্ভব।’
শিখস ফর জাস্টিসের (এসএফজে) সদস্য পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলাসংক্রান্ত বিষয়টি কূটনৈতিক বার্তার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতকে জানিয়েছে।এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো। দোভাল, গোয়েলসহ অন্যদের বিবাদী করে জারি করা এই সমনে পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এটি ৯ অক্টোবর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এই পদক্ষেপকে ‘সাধারণ ও নিয়মিত রুটিন প্রক্রিয়া’ বলে দাবি করেছে।
মার্কিন আদালতের পক্ষ থেকে এ ধরনের সমন পাঠানোর ঘটনা এবারই প্রথম নয়। ভারত সরকারের দাবি, ২০১৩ সালে এসএফজের ১৯৮৪ সালের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলার সূত্রে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও দেওয়ানি সমন পাঠানো হয়েছিল। ২০১৩ সালে মনমোহন সিং ওয়াশিংটন সফরে থাকাকালে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেছিল।
সরকার আরও দাবি করছে, ২০০২ সালে চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনকেও অনুরূপ সমন পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত উভয় মামলাই খারিজ হয়ে গিয়েছিল। পান্নুন হত্যাচেষ্টার মামলার বিষয়ে আদালতের এই নির্দেশটি এল ২০ নভেম্বর নিখিল গুপ্তের সাজা ঘোষণার ঠিক আগে। নিখিল গুপ্ত একজন ভারতীয় নাগরিক, যাঁকে এ ঘটনায় যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তায় আরও স্পষ্ট করা হয়েছে, পদক্ষেপটি আদালতের নির্দেশ মেনেই নেওয়া হয়েছে। এর মাধ্যমে মামলা সম্পর্কে মার্কিন সরকারের নিজস্ব কোনো অবস্থান প্রকাশ পায় না।










































