ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে বরখাস্ত করার কোনো চিন্তা-ভাবনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের। বোর্ড সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা ঘিরে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে, এমনকি শোনা যাচ্ছে ভিভিএস লক্ষ্মণ নাকি লাল বলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে বিসিসিআই পরিষ্কার জানিয়েছে, দলের পুনর্গঠন প্রক্রিয়ায় গম্ভীরই নেতৃত্ব দেবেন।
সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে বিসিসিআই ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে টেস্ট দলের দুর্বলতা, ব্যর্থতার কারণ এবং পুনর্গঠনের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ট্রানজিশন পর্বে কিভাবে পারফরম্যান্স বাড়ানো যায়, সে বিষয়ে গম্ভীরের মতামত গুরুত্ব সহকারে শোনা হবে।
এদিকে, গম্ভীরকে ঘিরে সমালোচনার জবাবে সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, ‘কোচ দিকনির্দেশনা দিতে পারে, দল তৈরি করতে পারে, কিন্তু মাঠে পারফর্ম করতে হয় খেলোয়াড়দেরই।
যখন তার সময়েই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ জিতেছিল, তখন তো কেউ বলেনি তাকে আরো লম্বা সময় কোচ রাখা হোক। শুধু হারলেই কোচকে দায়ী করা ঠিক নয়।’
বিসিসিআই সূত্রের দাবি, ‘এ মুহূর্তে গম্ভীরকে বদলানোর কোনো পরিকল্পনা নেই। তার চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত, এবং তাকে পূর্ণ সমর্থন দেওয়া হবে।
’








































