আফ্রিদির রেকর্ড ভেঙে ছক্কার রাজা রোহিত

ফিফটি করার পর ব্যাট উঁচিয়ে রোহিত। ছবি : ক্রিকইনফো

ওয়ানডেতে ছক্কার রাজা হলেন রোহিত শর্মা। আজ রাঁচিতে তিন ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন শহীদ আফ্রিদির রেকর্ড। ৩৫২ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার। পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ছক্কা ৩৫১টি।

নিজের ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়ে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন রোহিত। ইনিংসের ১৫তম ওভারের ফিরতি বলে প্রেনেলান সুব্রায়েনকে আরেকটি ছক্কা হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন আফ্রিদির ছক্কার রেকর্ড। পাকিস্তানের সাবেক অধিনায়ককে পরে দুইয়ে ঠেলে দিতেও খুব একটা সময় নেননি তিনি।

ইনিংসের ২০তম ওভারে মার্কো ইয়ানসেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে রাজা বনে যান রোহিত।

তাতে প্রথম ব্যাটার হিসেবে সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০ ছক্কার মাইলফলক স্পর্শের আরো কাছাকাছি চলে এসেছেন তিনি। বর্তমানে তার ছক্কা ৬৪৫টি।

তবে রেকর্ড গড়ার পরপরই আউট হওয়ায় ওয়ানডে ক্যারিয়ারের ৬০তম ফিফটির ইনিংসকে তিন অংকের স্বাদ দিতে পারেননি রোহিত। ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রানে ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়েছেন ৩৮ বছর বয়সী ওপেনার।

LEAVE A REPLY