সংগৃহীত ছবি
গত তিন দিন ধরে ভারতের ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অভিযোগ গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভোগান্তির শিকার হন পরিচালক কিরণ রাও নিজেও।
অতঃপর সংশ্লিষ্ট বিমান সংস্থাকে বিদ্রুপ করতে ছাড়লেন না তিনি।
এদিকে যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েও রেহাই পায়নি ওই বিমান কর্তৃপক্ষ। অহরহ বিক্ষোভের শিকার হতে হচ্ছে তাদের।
অনভিপ্রেত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমির খানের প্রাক্তন স্ত্রী তথা ‘লাপাতা লেডিস’ পরিচালক কিরণ রাও ব্যঙ্গাত্মক সুরে লেখেন, ‘১১ ঘণ্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি।
এতক্ষণে আমার টোকিওতে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মুম্বাই বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে এসে যা জানতে পারলাম, তার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ। এখন আবার দিল্লি কিভাবে বায়ুদূষণের সঙ্গে লড়াই করছে, সেটার খবর পেলাম। দিনটা ভালোই যাচ্ছে সব মিলিয়ে, ষোলো কলা পূর্ণ একেবারে!’
কিরণের সঙ্গে সহমত জানিয়ে একাংশ তুলাধোনা করেছে ইন্ডিগো বিমান সংস্থাকে।
জানা যাচ্ছে, শনিবার সকালে কেরেলার তিনবনন্তপুরম বিমানবন্দরে তিনটি আন্তর্দেশীয় ও তিনটি অন্তর্দেশীয় ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে আহমেদাবাদ বিমানবন্দরে শনিবার মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যেই বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। এদিন চেন্নাই বিমানবন্দরে সকাল ৯টা পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা ২৯।
প্রসঙ্গত, শুক্রবার মোট একহাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৫০।
আশা করা হচ্ছে, শনিবার ফ্লাইট বাতিলের সংখ্যা ১০০০-এর নিচে নেমে আসবে। ফলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বহু যাত্রী।










































