পিএসএলের কারণে পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর। ছবি : কালের কণ্ঠ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল নিউইয়র্কে পিসিবির রোড শোতে ১১তম আসরের শুরুর তারিখ ঘোষণা করেন মহসিন নাকভি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাকভি জানান, আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের নতুন আসর। আর শেষ হবে ৩ মে।
পিএসএলের এমন সময় সূচির কারনেই পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর। এমনটা জানিয়েছে পাকিস্তানের বেশির ভাগ সংবাদমাধ্যম।
নাকভির কথাতেও এমন ইঙ্গিত পাওয়া গেছে। জাতীয় দলের সূচি নিয়ে পিসিবির সভাপতি বলেছেন, ‘উইন্ডোতে (পিএসএল) পাকিস্তান দলের আন্তর্জাতিক প্রতিশ্রুতির বিষয়গুলো পুনর্বিন্যাস করা হবে।
’
বিসিবির এক সূত্রের বরাত দিয়ে সফর পেছানোর বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেছেন, ‘সিরিজটি পুনঃনির্ধারিত করা হবে। দুই দলের ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
’
২০২৬ সালের এফটিপিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ২ টেস্টের বিপরীতে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজটি শুরু হওয়ার কথা এপ্রিলে। কিন্তু নাকভির ঘোষণা অনুযায়ী পিএসএলই শেষ হবে ৩ মে।
১১তম পিএসএল ৮ দলের করতে চায় পাকিস্তান।
সে কারণেই সময়টা বেশি লাগছে টুর্নামেন্টে। সর্বশেষ ৬ দলের হয়েছে। দল বাড়ানোর লক্ষ্যেই বিভিন্ন দেশে রোড শো করছে পিসিবি। যেন বিনিয়োগকারীদের নজর কাড়া যায়। ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পর গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করা হয়েছে রোড শো। ২টা বাড়তি দলের খোঁজেই আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির আবেদনপত্র গ্রহণের সময় নির্ধারণ করেছে পিসিবি।











































