হাফ ম্যারাথনে কেনিয়ান অ্যাথলেটের বিশ্ব রেকর্ড

বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপ-এ নারীদের হাফ-ম্যারাথন বিশ্ব রেকর্ড গড়েছেন কেনিয়ান দীর্ঘপাল্লার দৌড়বিদ অ্যাগনেস এনগেটিচ। ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত  হাফ-ম্যারাথনে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি।আগের রেকর্ডটি ১ সেকেন্ডের ব্যবধানে ভেঙে এই অনন্য কীর্তি অর্জন করেন এই কেনিয়ার দীর্ঘপাল্লার দৌড়বিদ। খবর বিবিসি        

বিশ্বরেকর্ড গড়ার পর ২৫ বছর বয়সী এনগেটিচ বলেন, ‘আমার কোচ আমার ওপর বিশ্বাস রেখেছিলেন এবং বলেছিলেন যে আমি এটা করতে পারব, আমি স্বর্ণপদক জিততে পারব। তাই, এখন বিশ্ব হাফ ম্যারাথন রেকর্ডের অধিকারী হতে পেরে আমি খুব খুশি এবং অত্যন্ত কৃতজ্ঞ।’

২৫ বছর বয়সী এই অ্যাথলেট কোপেনহেগেনের রৌদ্রোজ্জ্বল সকালে শুরুর কিলোমিটার থেকেই লিড নেন এবং শেষ পর্যন্ত তা ধরে রাখেন।তিনি তার নিকটতম প্রতিযোগী ও স্বদেশী ভেরোনিকা লোলেও চেয়ে ৫০ সেকেন্ড এগিয়ে থেকে ফিনিশিং লাইন স্পর্শ করেন। 

কেনিয়ার এই দৌড়বিদ তারই স্বদেশী পেরেস জেপচিরচিরের গড়া ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ডের রেকর্ডটি থেকে এক সেকেন্ড কম সময়ে তা সম্পন্ন করেন। এই রেকর্ডটি পেরেস জেপচিরচির ২০২০ সালে বিশ্ব হাফ ম্যারাথনে গড়েছিলেন।

ইথিওপিয়ার লেটেসেনবেত গিডে ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ড সময় নিয়ে ওভারঅল হাফ-ম্যারাথনে বিশ্ব রেকর্ডটি নিজের দখলে রেখেছেন।২০২১ সালের ২৪ অক্টোবর স্পেনের ভ্যালেন্সিয়ায় হাফ-ম্যারাথনে এই রেকর্ড গড়েন তিনি।

LEAVE A REPLY