সংগৃহীত ছবি
ভারতীয় বাংলা ও হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ আদ্রিজা রায়। ছোটপর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি। চলচ্চিত্রেও কাজ করেছেন আদ্রিজা, তবে হিন্দি টিভি সিরিয়ালেই তাঁর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে প্রেম করছেন ভিগনেশ আইয়ার নামের এক যুবকের সঙ্গে। এবার সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে চলেছেন আদ্রিজা।
জানা গেছে, আগামীকাল ২৫ জানুয়ারি মুম্বাইয়ে ভিগনেশের ফার্মহাউজে পারিবারিক আয়োজনে তাঁদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আদ্রিজা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন।
তবে এই বিশেষ মুহূর্তের খবর আর বেশিদিন গোপন রাখতে চাননি তিনি। তাই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে একান্ত ঘরোয়া পরিবেশেই বাগদান সেরেই ফেলছেন আদ্রিজা ও ভিগনেশ।
আদ্রিজার হবু বর ভিগনেশ আইয়ার দক্ষিণ ভারতের বাসিন্দা। অন্যদিকে আদ্রিজা জন্মসূত্রে বাঙালি, কলকাতার মেয়ে।
ফলে তাঁদের দুজনের সংস্কৃতি ও পারিবারিক রীতিনীতি একেবারেই আলাদা। সেই কারণেই আদ্রিজার দীর্ঘদিনের স্বপ্ন— তাঁর বিয়েতে যেন দক্ষিণ ভারতীয় ও বাঙালি উভয় রীতির সুন্দর মেলবন্ধন ঘটে।

সূত্রের খবর, এমন বহুসাংস্কৃতিক আয়োজন নিখুঁতভাবে করতে সময় প্রয়োজন। তাই সব দিক ভেবে আগামী দু-এক বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে এই তারকা জুটির।
এর আগে এক সাক্ষাৎকারে আদ্রিজা নিজেই জানিয়েছিলেন, এক বন্ধুর পার্টিতে ভিগনেশের সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর।
প্রথম দেখাতেই একে অপরের ব্যক্তিত্ব তাঁদের ভালো লেগে যায়। আদ্রিজাকে আরো কাছ থেকে জানার আগ্রহ প্রকাশ করেন ভিগনেশ, আর সেখান থেকেই ধীরে ধীরে গভীর হয় তাঁদের সম্পর্ক।









































