রমজানে জীবন-ইমরানের নতুন উপহার

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন ইসলামিক গান নিয়ে হাজির হয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় জুটি রবিউল ইসলাম জীবন ও ইমরান মাহমুদুল। তাদের নতুন গানের শিরোনাম ‘ইয়া রাসূল আল্লাহ’।

‘যাব আমি যাব আমি যাব মদিনায়, দুহাত তুলে করব দোয়া নবীরও রওজায়’—এমন কথায় মুসলমানদের হৃদয়ের আকাঙ্ক্ষা তুলে ধরেছেন জীবন। আরবীয় ঘরানার সুর ও সংগীতে গানটিকে ভিন্ন আবহ দিয়েছেন ইমরান।

এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তানজিলা মিম। গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘মুসলমানদের প্রাণের স্পন্দন নবী মোহাম্মদ। সবার মনেই ইচ্ছে থাকে, নবীর রওজা জিয়ারতের।

সেই আকাঙ্ক্ষা থেকেই গানটি রচনা করা। আর রমজান উপলক্ষে সবার সামনে গানটি হাজির করা হয়েছে। আমার বিশ্বাস, এ গানের কথা ও সুরে আলাদা প্রশান্তি অনুভব করবেন শ্রোতারা।’

গত ২৪ ফেব্রুয়ারি ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

উল্লেখ্য, এই গীতিকার-গায়ক জুটির এর আগেও প্রকাশিত হয়েছে একাধিক ইসলামিক গান, যেমন ‘করো ইবাদত’, ‘আল্লাহ মেহেরবান’ ও ‘আজানের ওই পবিত্র সুর’। সব মিলিয়ে তাদের যৌথ গানের সংখ্যা ইতোমধ্যে ১০০ ছাড়িয়েছে, যার মধ্যে রয়েছে বহু জনপ্রিয় গান।

LEAVE A REPLY