অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় খালাস পেলেন রাহুল গান্ধী

ছবি : রয়টার্স।

ভারতের উত্তর প্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে মানহানির একটি মামলা থেকে খালাস দিয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

সোমবার (২৬ অক্টোবর) আদালতের বিচারক শুভম বর্মা এ রায় দেন। রায় ঘোষণার সময় রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান কুনওয়ার সিং নিষাদ রাহুলের খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগকারী বিজয় মিশ্রের আইনজীবী সন্তোষ কুমার পাণ্ডেও আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, আদালত তাদের জমা দেওয়া সিডি ও তাতে থাকা বক্তব্য গ্রহণ করেছে। তবে আদালত ওই বক্তব্যকে মানহানিকর বলে মনে করেনি।

২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে মানহানির মামলাটি করা হয়।

এদিকে মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার পথে রাহুল গান্ধীর কনভয়ের কয়েকটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সুলতানপুর জেলার হালিয়াপুর থানা এলাকার ৯০ কিলোমিটার পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে চারটি গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্স জড়িত ছিল। তবে দুর্ঘটনাটি সামান্য ছিল এবং কেউ গুরুতর আহত হননি।

হালিয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতুল কুমার শ্রীবাস্তব জানান, রাহুল গান্ধীর গাড়ির পেছনে থাকা চারটি গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্সের মধ্যে সংঘর্ষ হয়।

LEAVE A REPLY