ফেদেরিকো ভালভার্দে। ছবি : রয়টার্স
উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেকে বিশ্বের সবচেয়ে ‘আন্ডাররেটেড’ বা অবমূল্যায়িত ফুটবলার বলে মন্তব্য করেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক পারফরম্যান্সের পর সতীর্থ ভালভার্দের প্রশংসায় ভাসেন ইংলিশ এই ডিফেন্ডার।
গতরাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ খেলেন ভালভার্দে। করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।
সেই পারফরম্যান্সের পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আর্নল্ড বলেন, একজন ফুটবলার হিসেবে ভালভার্দের অবদান অনেক সময় যথাযথ মূল্যায়ন পায় না।
আর্নল্ড বলেন, ‘ওকে নিয়ে বলার মতো শব্দ আমার প্রায় শেষ হয়ে গেছে। আমার মতে সে পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার। তার সঙ্গে খেললে বোঝা যায় সে দলকে কতটা সাহায্য করে।
’
তিনি আরো বলেন, ‘ভালভার্দে মাঠের প্রতিটি জায়গায় দৌড়ে বেড়ান এবং দলের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন। সতীর্থদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছেন এই মিডফিল্ডার।’
‘একজন ফুটবলারের সবচেয়ে বড় গুণ হলো সতীর্থরা যেন তার ওপর নির্ভর করতে পারে। ভালভার্দে সেই কাজটাই করে।
সে কখনো দলকে হতাশ করে না,’ যোগ করেন আর্নল্ড।
রিয়াল মাদ্রিদের মাঝমাঠে গত কয়েক মৌসুম ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ভালভার্দে। গোল করা, সুযোগ তৈরি করা এবং রক্ষণে সাহায্য, সব দিকেই সমানভাবে অবদান রাখার কারণে তিনি কোচের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন।
আর্নল্ডের মতে, পরিসংখ্যানের বাইরেও মাঠে ভালভার্দের প্রভাব অনেক বড়। তাই তার মতে, এই উরুগুইয়ান তারকা বিশ্বের সেরা ফুটবলারদের একজন হলেও এখনো অনেক সময় যথাযথ স্বীকৃতি পান না।











































