সংগৃহীত ছবি
সমকালীন বাংলা গানে স্বকীয়তা দিয়ে আলাদা জায়গা করে নেওয়া শিল্পীদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। এবার ঈদুল ফিতরে তিনি নিয়ে আসছেন নতুন গান ‘অন্য কারো গল্পে’।
গানটির কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ নিজেই।আর ভিজ্যুয়াল নির্মাণে এআই ব্যবহার করেছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম।
নতুন গান নিয়ে মিফতাহ বলেন, লিরিকের গল্প বলার ধরনই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
তার ভাষায়, ‘মনে হচ্ছিল যেন একটা উপন্যাসের কোনো অধ্যায় পড়ছি। ছোট্ট লিরিকের মধ্যেই এত সুন্দরভাবে আবেগ তুলে ধরা হয়েছে যে সুর করার সময় পুরো দৃশ্যপট চোখে ভাসছিল।
’
‘চির অধরা’ খ্যাত এই শিল্পী জানান, গানটি তৈরির পর কাছের মানুষদের শুনিয়েছেন এবং সেখান থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।
মিফতাহ বলেন, “শ্রোতারা তাদের পছন্দ অনুযায়ীই প্রতিক্রিয়া জানাবেন, তবে ব্যক্তিগতভাবে আমি গানটি নিয়ে শতভাগ সন্তুষ্ট। এটা আমার প্রিয় কাজগুলোর একটি হয়ে থাকবে।”
জানা গেছে, চাঁদরাতে প্রকাশিত হবে গানটি, যা শোনা যাবে ইউটিউবের পাশাপাশি স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।










































