জিয়ানলুকা রোচ্চি। ছবি : সংগৃহীত
ইতালির শীর্ষ লিগের রেফারি নিয়োগের দায়িত্বে থাকা জিয়ানলুকা রোচ্চি ক্রীড়া জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হওয়ায় নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
ইতালিয়ান সংবাদ সংস্থা এজিআই-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ‘স্পোর্টিং ফ্রডে সহযোগিতা’র অভিযোগে তদন্তের মুখে পড়েছেন সাবেক এই আন্তর্জাতিক রেফারি। বিষয়টি নিয়ে প্রাথমিক শুনানি নির্ধারিত হয়েছে আগামী বৃহস্পতিবার।
ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন (এআইএ) এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত শুরু হওয়ার পর রোচ্চি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
একই সঙ্গে ইতালির শীর্ষ দুই লিগের ভিএআর সুপারভাইজর আন্দ্রেয়া জারভাসোনি ও তদন্তের কারণে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছেন।
বিবৃতিতে রোচ্চি বলেন, ‘এটি আমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে বিচারিক প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেজন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি। আমি নিশ্চিত, শেষ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত হব।
’
অভিযোগ উঠেছে, ইন্টার মিলানের একটি ম্যাচে পছন্দের রেফারিকে নিয়োগ দেওয়ার পেছনে রোচ্চির ভূমিকা ছিল। এ ছাড়া আরেক ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় ভিএআর হস্তক্ষেপ না করার বিষয়টিও তদন্তাধীন।
আরো একটি অভিযোগে বলা হয়েছে, গত বছর মার্চে উদিনেজে বনাম পারমা ম্যাচে একটি হ্যান্ডবলের ঘটনায় রেফারিকে মনিটরে গিয়ে সিদ্ধান্ত বদলাতে চাপ দেন রোচ্চি। পরে সেই সিদ্ধান্তে পেনাল্টি দেওয়া হয় এবং ফ্লোরিয়ান থোভাঁ ম্যাচের একমাত্র গোলটি করেন।
ইতালিতে ক্রীড়া জালিয়াতি একটি গুরুতর ফৌজদারি অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ছয় বছর পর্যন্ত কারাদণ্ড। ফলে অভিযোগ প্রমাণিত হলে রোচ্চির জন্য বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে।










































